আমি কে—নিজেকে চেনার নিরন্তর অনুসন্ধান
তারেক মনোয়ার
সারাটা জীবন কেটে যেতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতে—‘আমি কে?’ কখনো মনে হবে, নিজেকে বুঝতে পেরেছি। আবার কিছু সময় পরই আবিষ্কার করবেন, নিজের সম্পর্কে এমন অনেক কিছুই অজানা ছিল। আসলে মানুষের ‘আমি’ বহুমাত্রিক। পরিবেশ, সম্পর্ক ও সময়ের পরিবর্তনে তার স্বরূপও বদলে যায়। তবু প্রশ্নটি একই থাকে—‘আমি কে?’
নম্রতা, ভদ্রতা ও বিনয় একজন ভালো মানুষের গুণ হতে পারে। কিন্তু শুধু এসব গুণ দিয়ে একজন মানুষকে পুরোপুরি বিচার করা যায় না। প্রচলিতভাবে আমরা যখন নিজেকে চিনতে চাই, তখন অনেক সময় নিজের প্রকৃত সত্তার বদলে নিজেরই একটি প্রতিচ্ছবি খুঁজি।
প্রশ্ন জাগে, আমি কেমন মানুষ—ভালো, নাকি মন্দ? প্রত্যেকেই নিজেকে ভালো মানুষ হিসেবে দেখতে চায়, কেউ নিজের কাছে, কেউবা অন্যের কাছে। কিন্তু নিজের মন-মানসিকতা, বুদ্ধি ও বিবেক দিয়ে নিজেকে বিচার করলেও সেই বিচার সব সময় নির্ভুল হয় না। নিজের জ্ঞান ও উপলব্ধির সীমাবদ্ধতা থাকলে আত্মমূল্যায়নেও ভুল হতে পারে। তাই নিজেকে ভালো মনে করলেই যে বাস্তবে সব ক্ষেত্রে তা-ই, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না।
প্রতিটি মানুষের চিন্তা, চেতনা ও দৃষ্টিভঙ্গিতে কিছু না কিছু পার্থক্য থাকে। ফলে সবার কাছে ভালো মানুষ হয়ে ওঠা সম্ভব নয়—এটাই স্বাভাবিক। অন্যের মূল্যায়নের চেয়ে নিজের সীমাবদ্ধতা, ভুল ও সম্ভাবনাগুলো উপলব্ধি করাই আত্মপরিচয়ের পথে বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজেকে জানার আগ্রহ কখনো হারিয়ে ফেলা উচিত নয়।
গ্রিক দার্শনিক সক্রেটিসের সঙ্গে সম্পর্কিত বিখ্যাত উক্তি—“Know Thyself” (নিজেকে জানো)। আত্মোপলব্ধির এই আহ্বান মানুষকে নিজের ভেতরে তাকাতে শেখায়। নিজেকে জানার মধ্য দিয়েই মানুষ জগৎ ও সৃষ্টির অর্থ অনুধাবনের পথে এগিয়ে যেতে পারে।
তারেক মনোয়ার, ইতিহাস বিভাগ, সাতক্ষীরা সরকারি কলেজ









