কালিগঞ্জে সুমাইয়া হত্যা মামলায় তিনজনের ৭ দিনের রিমান্ড আবেদন
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জে গণপিটুনিতে সুমাইয়া খাতুন হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক মল্লিক মনিরুজ্জামান আদালতে এ আবেদন করেন।
রিমান্ডের আবেদন করা আসামিরা হলেন কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের মীর আব্দুস সামাদ (৪০), মোস্তাফিজুর রহমান (৪৫) ও নওয়াপাড়া গ্রামের শিমুল হোসেন (৩২)। পুলিশ শুক্রবার ও শনিবার তাঁদের গ্রেপ্তার করে। পরে শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন জানান, তিন আসামিকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলেও মামলার নথি জেলা ও দায়রা জজ আদালতে থাকায় শুনানির দিন নির্ধারণ করা যায়নি। নথি পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মামলার সূত্রে জানা গেছে, কালিগঞ্জের কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা সুলতানার হাত-পা বাঁধা মরদেহ কাশিবাটি গ্রামের আমিরুল ইসলামের দেয়াল-আলমারি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর স্বজন ও স্থানীয় লোকজন পুলিশের কাছ থেকে আমিরুলের স্ত্রী সুমাইয়া খাতুনকে ছিনিয়ে নিয়ে ইট ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
শিশু ফারজানা হত্যার ঘটনায় তার মা নাজমা খাতুন ২২ জুলাই সুমাইয়ার ভাই আল আমিনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় আল আমিন বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া ২৫ জুলাই সুমাইয়ার স্বামী আমিরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরদিন সুমাইয়ার বাবা লতিফ শেখ হামিদুল মোড়ল ও হুসাইন খানসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে আরেকটি মামলা করেন।
গত ১১ সেপ্টেম্বর সুমাইয়া হত্যা মামলায় নূর ইসলাম মীর ও আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদেরও সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে এ ঘটনায় দায়ের করা মামলাগুলোতে উল্লেখিত অন্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে সর্বশেষ কোনো তথ্য পাওয়া যায়নি।









