কেশবপুরে ধানক্ষেত থেকে দুই অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
পত্রদূত ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে গ্রামবাসী মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ফরেনসিক দলের উপস্থিতিতে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। পুরুষের শরীরে গামছা জড়ানো এবং নারীর পরনে ম্যাক্সি ছিল।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাঁদের হত্যা করে মরদেহ দুটি ধানক্ষেতে ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা।
ওসি আরও জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।












