চুক্তি না মানলে ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান যদি ওয়াশিংটনের সাথে হওয়া চুক্তি ভঙ্গ করে তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট জানান, ইরান যদি চুক্তির শর্ত পূরণ না করে কিংবা সঠিক আচরণ না দেখায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে যা করা প্রয়োজন তিনি তাই করবেন।
ট্রাম্প দাবি করেন, ইরানের জন্য অবমুক্ত করা অর্থ কেবল যুক্তরাষ্ট্র থেকে খাদ্যসামগ্রী কেনার কাজেই ব্যবহার করার কথা ছিল। তিনি বলেন, “ইরানের ৯ কোটি ১০ লাখ মানুষের জন্য বিপুল খাদ্যের প্রয়োজন। তাই অবমুক্ত করা অর্থ শেষ পর্যন্ত মার্কিন কৃষকদের কাছেই ফিরে আসবে।” তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দোলনাসের হেম্মাতি। দেশটির আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থাকে তিনি জানান, বর্তমান সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য বা উপকরণ কেনার কোনো আইনি বাধ্যবাধকতা তেহরানের নেই।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা শেষে দেশে ফিরে এক বড় ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’র সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রশাসন ইরানের হাতেই থাকবে। আন্তর্জাতিক আইন মেনেই এটি পরিচালিত হবে এবং হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরবে না।









