জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২৩ এপ্রিল
oplus_0
নিজস্ব প্রতিনিধি: জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীদের সরব উপস্থিতিতে আদালতপাড়ায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ১৩টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রার্থী হিসেবে নরেশ মল্লিক মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলে বাকি ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৩ জন প্রার্থী।
আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের মধ্য দিয়ে সমিতির নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। বিভিন্ন পদে যাঁরা লড়ছেন সভাপতি পদে আব্দুল মান্নান বাবলু ও গোলাম নবী। সহ-সভাপতি (২টি) পদে আব্দুর রহমান, এস এম ইয়াহিয়া আলম, কাজী শাহাদাত হোসেন মাসুম ও মো. এনায়েত করিম। সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম বাবু, মো. কামরুল ইসলাম ও এম শফিকুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে দেবাশীষ সরকার ও আবু সাঈদ। সহ-সম্পাদক পদে বিধান চন্দ্র ম-ল ও মেহেদী হাসান। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সাত্তার ও ইসমাইল হোসেন।
এছাড়া ৫টি সদস্য পদের বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—মো. আবু রায়হান, মো. খুরশিদুজ্জামান লাবু, আরাফাত হোসেন, রবিউল ইসলাম, গোলাম হোসেন লিমন, রেজাউল করিম, হারুন অর রশিদ ও মনিরুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুস সবুর জানান, আগামী ২৩ এপ্রিল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সমিতির কার্যালয়ের দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিলের দিন সমিতির কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের ভিড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনকে কেন্দ্র করে এখন আদালতপাড়ায় প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। ভোটারদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে।









