তালায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি ইজ্জত উল্লাহ
তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত মহান্দী বাজার থেকে কাশিমনগর পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। দীর্ঘদিন ধরে বেহাল পড়ে থাকা এই সড়কটি সংস্কারের জন্য স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়ে আসছিলেন। সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, “খলিলনগর ইউনিয়নবাসীর প্রাণের দাবি ছিল এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা। দীর্ঘদিন অবহেলিত থাকায় এই পথে চলায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। রাস্তার কাজ পুরোপুরি সম্পন্ন হলে খলিলনগরসহ তালার বিভিন্ন এলাকার মানুষ সহজে কপিলমুনি ও পাইকগাছায় যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে খলিলনগর থেকে তালা উপজেলা সদরে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন গতিশীলতা তৈরি হবে।”
সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী প্রকৌশলী রথীন্দ্রনাথ, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজয়েত আলী, খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আকবর হোসেন, খলিলনগর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাস্টার শাহাদাত হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য আওরঙ্গজেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে সড়কটির কার্পেটিং ও সংস্কার কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।






