সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুন্দরবনে জিম্মি ৪ জেলে উদ্ধার, অস্ত্র-গুলিসহ ‘করিম-শরীফ’ বাহিনীর ২ দস্যু গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
সুন্দরবনে জিম্মি ৪ জেলে উদ্ধার, অস্ত্র-গুলিসহ ‘করিম-শরীফ’ বাহিনীর ২ দস্যু গ্রেপ্তার

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দস্যুদের হাতে অপহৃত চার জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সুন্দরবনের ‘কুখ্যাত’ ডাকাত করিম-শরীফ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ডসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ মে) ভোরে খুলনা জেলার দাকোপ উপজেলাধীন ঢাংমারী খাল এলাকায় ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দস্যুরা হলেনÑবাগেরহাট জেলার রামপাল উপজেলার মো. রবিউল শেখ (৩০) এবং মোড়েলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)। কোস্ট গার্ড জানিয়েছে, গ্রেপ্তার রাজন শরীফ সুন্দরবনের কুখ্যাত ‘করিম-শরীফ বাহিনীর’ সেকেন্ড-ইন-কমান্ড। দস্যুদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, করিম-শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের ঢাংমারী খাল-সংলগ্ন এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর চারটার দিকে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল বনের গহিনে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু বাহিনীর ওই দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে বনের ভেতর ডাকাতদের আস্তানা থেকে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাজন শরীফ দীর্ঘদিন ধরে সুন্দরবনে সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলাও রয়েছে।
জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

Ads small one

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা

আরিফ মাহমুদ: আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায় শূন্য হয়ে পড়ছে গ্রাম বাংলার নিদর্শন ধানের গোলা।

কয়েক যুগ আগেও গ্রামাঞ্চলের অনেকের কৃষকের বাড়িতে ধান রাখার জন্য ধানের গোলা থাকতো। সেটি এখন অনেকটা স্মৃতি। মাঠের পর মাঠ ধান ক্ষেত থাকলেও অধিকাংশ কৃষকের বাড়িতে নেই ধান মজুদ করে রাখা বাঁশের তৈরী গোলাকৃতির ধানের গোলা। একসময় কন্যা পাত্রস্থ করতে বর পক্ষের বাড়িতে ধানের গোলার খবর নিতো কন্যা পক্ষের বাড়ির লোকজন। যা এখন শুধু রূপকথা।

প্রবীন ব্যক্তি আনোয়ার হোসেন, রহিমা খাতুনসহ অনেকে জানান, গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ-চটা দিয়ে গোল আকৃতির তৈরী করা ধানের গোলা উঁচুতে বসানো হতো। গোলার মাথায় থাকতো টিন বা খড়ের ছাউনি। ছাউনি দেয়া হতো পিরামিড আকৃতির টাওয়ারের মতো। সর্বোচ্চ দুই হাতের মতো ছোট চতুর্ভূজ আকৃতির গোলার প্রবেশ মুখ বা দরজা রাখা হতো। সেটাও আবার গোলার উপরের দিকে, যেন কেউ সহজে চুরি করতে না পারে। ওই মুখ বা দরজা দিয়ে গোলার ভিতরে শুকনো ধান রাখা হতো ও পরবর্তীতে বাহির করা হতো।

তারা আরো জানান, সেসময় ধানের গোলা তৈরীর জন্য বিভিন্ন এলাকায় দক্ষ কারিগর ছিল। এখন গোলাও নেই, বাধ্য হয়ে গোলা নির্মানের কারিগরও সেই পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন।

তারা বলেন, গোলা সংষ্কারের জন্য বাঁশ-চটার চেয়ে কারিগর পাওয়া দুষ্কর হয়ে পড়ায় ধানের গোলা অবশিষ্ট থাকছে না। যাদের গোলা ছিলো এখন তাদের কেউ কেউ সেটি ব্যবহার বা স্মৃতি হিসেবে রাখলেও বেশির ভাগ পরিবারেই ধানের গোলা ভেঙ্গে অপসারণ করে ফেলেছে। এখন আর কেউ গোলায় ধান রাখে না। এর পরিবর্তে ইট-বালু-সিমেন্টের তৈরী পাকা ঘরে ধান রাখে বা আড়তদারদের নিকট বিক্রি করে দেয়।

তবে কালের সাক্ষী হয়ে আজও ধান রাখার গোলা রেখে স্মৃতি বহন করছেন যারা তাদেরই মধ্যে কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মোড়ল বাড়ির কৃষকরা। ওই গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান, ‘আমার দাদা, তারপর আমার বাপ-চাচারা ধানের গোলায় ধান রাখলেও এখন গোলার চলন নেই। তবে আমরা সেই গোলার স্মৃতি বহন করে চলেছি। এখন আর ধান গোলায় রাখা হয় না, বস্তাভর্তি করে গুদাম ঘরে রেখে দেয়া হয়।’

আগামি প্রজন্মের কাছে ধানের গোলা ঘর স্মৃতিতে পরিণত হচ্ছে। আধুনিক গুদাম ঘর ধান-চাল রাখার জায়গা দখল করছে। ফলে গোলা ঘরের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।

 

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে কাঁকড়া আহরণকারী জেলের মৃত্যুর অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে কাঁকড়া আহরণকারী জেলের মৃত্যুর অভিযোগ

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আকসেদ গাজীর ছেলে আমিনুর রহমান (৪৫) নামে এক কাঁকড়া জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সঙ্গে থাকা জেলেরা।

সহযোগী জেলেদের দাবি, তারা সুন্দরবনের শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। জেলেরা কাছে না গেলে বনবিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান সঙ্গীরা।

ঘটনার বিষয়ে বনবিভাগের কাছে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তারা ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। বনবিভাগের এক কর্মকর্তা বলেন, “সুন্দরবনের ভেতরে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে বনবিভাগ, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, তিনি ইতোমধ্যে খুলনার ডিএফও, সাতক্ষীরার এসিএফ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানাকে বিষয়টি অবহিত করেছেন। তিনি আরও বলেন, “বনবিভাগের ডিএফও আমাকে আশ্বস্ত করেছেন যে, সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে।

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পত্রদূত ডেস্ক: সোমবার (১৮ মে ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

কল্যাণ সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুৎ এর সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এরআগে সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনসমূহ উপস্থাপন করেন।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ইমরান খান, ডাঃ আবু হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।