দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১
খুলনা সংবাদদাতা: সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে অংশ নিতে গিয়ে হরিণ শিকারের ফাঁদ পাতার অভিযোগে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকার কুতুবখালী বনাঞ্চলে টহলের সময় এ ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাস রায়ের ছেলে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পাঁচজনের একটি দল দুবলারচরের রাস উৎসবে অংশ নিতে এসে কুতুবখালী বনে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অবস্থান করছিল। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বিশ্বজিৎকে আটক করা হয়। অন্য চারজন বনের মধ্যে পালিয়ে যান।
আটক ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতকদের আটক ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে সুন্দরবনে তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।












