সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নগরঘাটায় সার গোডাউন নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
নগরঘাটায় সার গোডাউন নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকায় শিল্প মন্ত্রণালয়ের অনুমোদিত সার গোডাউন (বাফার গুদাম) নির্মাণকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নির্মাণাধীন গোডাউন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় নির্মাণকাজের অগ্রগতি ও ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং নির্মাণে মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, সার গোডাউনটি নির্মিত হলে এ অঞ্চলের কৃষকদের সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষকদের সারপ্রাপ্তি সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, নগরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির প্রভাষক জাহিদ হোসেন, উপজেলা শুরা সদস্য মাওলানা মেহেদী হাসান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Ads small one

ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা উত্তর জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন, শপথ গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা উত্তর জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন, শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তর শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় নবারুণ স্কুল মোড়ের সংগঠনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

জেলা উত্তরের সভাপতি মাওলানা ফজর আলীর সভাপতিত্বে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় তিনি সংগঠনের নীতিমালা ও আদর্শ অনুসরণ করে আন্তরিকতা, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। যুবসমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নবগঠিত কমিটিতে সভাপতি মাওলানা ফজর আলী, সহসভাপতি হাফেজ মাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হুদা ও মো. আবুল কাশেম, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, প্রশিক্ষণ সম্পাদক মো. আহমাদুল্লাহ, দাওয়াহ সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন, প্রকাশনা সম্পাদক মো. আরিফ হোসেন, অর্থ সম্পাদক হাফেজ আমানুল্লাহ, যুব উন্নয়ন সম্পাদক মো. মাহমুদুল হাসান, কর্মসংস্থান সম্পাদক মো. মশিউর রহমান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাফেজ সুলায়মান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাফেজ ফিরোজ হোসেন, আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মুরসালিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. তানভীর, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. সাকিব হোসেন এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. হাফেজ মাসুম বিল্লাহ।
এ ছাড়া উপসম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাশিদুল ইসলাম, মো. আবু বকর, মো. শাহিনুর রহমান ও ডা. মো. আবুবক্কর সিদ্দিক। শপথ গ্রহণ শেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শ্যামনগরে ২ হাজার ৬১০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
শ্যামনগরে ২ হাজার ৬১০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি প্রণোদনার আওতায় সরিষা, মুগ ও খেসারি ফসলের আবাদ বাড়াতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১০০ কৃষককে ৮ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ এবং ১০ কৃষককে ৮ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শামছুজ্জাহান কনক বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সময়মতো বীজ ও সার ব্যবহার করলে উৎপাদন বাড়বে।

 

আশাশুনিতে যুবদল নেতার ঘের থেকে চোরাই প্রাইভেটকার উদ্ধার করলো পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
আশাশুনিতে যুবদল নেতার ঘের থেকে চোরাই প্রাইভেটকার উদ্ধার করলো পুলিশ

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের মাছের ঘের থেকে চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া একটি সাদা রঙের করোলা প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলী (মান্দারা) এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আবু জাহিদ সোহাগকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া গাড়িটি ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯ নম্বরের। বাউসুলী গ্রামের কামরুল শেখের ছেলে এনামুল শেখ জানান, তিনি প্রায় দুই বছর ধরে আবু জাহিদ সোহাগের ৪৫ বিঘার মাছের ঘেরে কাজ করছেন। প্রায় তিন মাস আগে সোহাগ পার্শ্ববর্তী ঘেরের কর্মচারী ইলিয়াসের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনেন। গাড়িটির পেছনে দেড় লাখ টাকা খরচ করা হয়। বিক্রেতাকে ২০ হাজার টাকা পরিশোধ করা হলেও ৩০ হাজার টাকা বাকি ছিল। সোহাগ মাঝেমধ্যে গাড়িটি ব্যবহার করতেন।
এনামুল শেখ জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে কয়েকজন এসে গাড়িটির ছবি তোলেন ও মালিকের পরিচয় জানতে চান। তিনি গাড়িটির মালিক হিসেবে সোহাগের নাম জানান। পরে ভোর ৬টার দিকে পুলিশ গাড়িটি নিয়ে যায়।
স্থানীয় খোকন সরদারও জানান, প্রায় তিন মাস ধরে সোহাগ গাড়িটি ব্যবহার করছিলেন। সোমবার ভোরে পুলিশ গাড়িটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তিনি সোহাগের নাম জানান। পরে আশাশুনি থানা ও হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা গাড়িটি উদ্ধার করে নিয়ে যান।


হাজীগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম জানান, হাজীগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের গাড়ি চুরির ঘটনায় গত ১৯ অক্টোবর থানায় মামলা হয়। তদন্তে গাড়িটির অবস্থান আশাশুনির বাউসুলী এলাকায় জানতে পেরে তিনি রোববার রাতে সাতক্ষীরায় আসেন। সোমবার ভোরে সোহাগের ঘের থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আবু জাহিদ সোহাগের হেফাজত থেকে চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুর রহমান জানান, হাজীগঞ্জ থানা থেকে পুলিশ এসে বাউসুলী গ্রামের একটি ঘের থেকে প্রাইভেটকার নিয়ে গেছে। গাড়িটি চোরাই কি না, সে বিষয়ে তিনি অবগত নন।
আবু জাহিদ সোহাগের বক্তব্য জানতে সোমবার বিকেলে একাধিকবার ফোন করা হলেও প্রথমে ব্যস্ত পাওয়া যায়, পরে ফোন বন্ধ পাওয়া যায়। আশাশুনি থানার উপপরিদর্শক ফিরোজ হোসেনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।