নতুন কর্মস্পৃহা নিয়ে সাতক্ষীরার ছয় থানায় নতুন ওসি
পত্রদূত রিপোর্ট: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জোরদার করতে সাতক্ষীরা জেলার ৮টি থানার অন্তত ৬টিতে অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সাতক্ষীরার জেলা গোয়েন্দা শাখার (ডিআই-১) কর্মকর্তা আব্দুল আলিম জানান, নতুন এক দিকনির্দেশনা ও কর্মস্পৃহা নিয়ে সাতক্ষীরা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মাহমুদুর রহমান। ২০ আগস্ট দুপুরে তিনি নতুন এই কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মাহমুদুর রহমান রাজবাড়ী সদর থানার ওসি, টেকনাফ ব্যাটালিয়ন ও পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর মো. মাহমুদুর রহমান জানান, থানাকে কোনো ভয়ভীতি বা জটিলতার জায়গা নয়, বরং জনগণের আস্থা ও নির্ভরতার স্থান হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। কোনো হয়রানি ছাড়া সাধারণ মানুষ যেন সরাসরি আইনি সহায়তা পান, সে পরিবেশ তৈরির ওপর তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সাতক্ষীরার জেলা গোয়েন্দা শাখার (ডিআই-১) কর্মকর্তা আব্দুল আলিম তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৯ আগস্ট সন্ধ্যায় আশাশুনি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মো. জাহাঙ্গীর আরিফ। ২০০৩ সালে পুলিশে যোগ দেওয়া এই কর্মকর্তা ইতিপূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামে। তিনি বিদায়ী ওসি শামীম আহমদ খানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। বিদায়ী ওসিকে সাতক্ষীরা সদর সার্কিলে বদলি করা হয়েছে।
একই দিনে (১৯ আগস্ট) কলারোয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিজানুর রহমান রিমু। তিনি বিদায়ী ওসি এইচ এম শাহীনের কাছ থেকে কার্যভার গ্রহণ করেন। এর আগে তিনি ডিএমপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। কলারোয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অন্যদের মধ্যে ১৬ আগস্ট কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন শেখ শাহিনুর রহমান। ২০ আগস্ট স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় পুলিশি সেবা নিশ্চিত করা হবে।
এদিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আলিমকে বদলি করা হয়েছে। বদলিজনিত কারণে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হলেও সেখানে নতুন কেউ বৃহস্পতিবার পর্যন্ত যোগ দেননি। এ ছাড়া এর আগের সপ্তাহে তালা থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন আবু বক্কার সিদ্দীক। তিনি বর্তমানে তালা থানার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।






