ডিসি কাপ ফুটবল: দেবহাটাকে হারিয়ে সেমিফাইনালে আশাশুনি
এসএম হাবিবুল হাসান: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা লিগের বিদেশি খেলোয়াড় বেনজামার জোড়া গোলে জয় পেয়েছে আশাশুনি উপজেলা দল। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় তারা ২-১ গোলের ব্যবধানে দেবহাটা উপজেলাকে হারিয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় বিদেশি ফুটবলার বেনজামা আশাশুনিকে এগিয়ে নেন (১-০)। প্রথম অর্ধে ব্যবধান বাড়াতে আরও বেশ কয়েকটি আক্রমণ শানায় আশাশুনি। ২৩ মিনিটের মাথায় বেনজামা আবারও দারুণ এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন।
বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে দেবহাটা উপজেলা দল। খেলার দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে দূরপাল্লার শটে শামিম একটি গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে তোলেন (২-১)। ম্যাচের বাকিটা সময় বলের আধিপত্য দেবহাটার নিয়ন্ত্রণে থাকলেও আশাশুনির ডিফেন্স ও গোলরক্ষকের দারুণ পারফরম্যান্সে তারা সমতায় ফিরতে পারেনি।
ম্যাচে ৮টি নিশ্চিত গোলের ৭টিই ঠেকিয়ে সেরা খেলোয়াড়ের (ম্যান অব দ্য ম্যাচ) পুরস্কার জেতেন আশাশুনির গোলরক্ষক জি কে শান্ত।
আগামী ২২ আগস্ট প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা সদর উপজেলার মুখোমুখি হবে কালিগঞ্জ উপজেলা দল। আর ২৩ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে শ্যামনগর উপজেলার মুখোমুখি হবে আশাশুনি উপজেলা।






