বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় দিদারুল আলম
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমে বইছে নির্বাচনী আমেজ। পাড়া-মহল্লা ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের যোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, প্ল্যাকার্ড ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য চারজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে বিএনপি সমর্থিত, জামায়াতে ইসলামী সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। তবে স্থানীয় ভোটারদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সেনা সদস্য দিদারুল আলম দিদার কোমর বেঁধে মাঠে নেমেছেন। ইতিমধ্যে তিনি শিবনগর, মুচড়া, এগারানি, শ্যামপুর, কাঠালতলা, বল্লী, রায়পুর, ভাটরা, ঘরচালা, শিয়ালডাঙ্গা, আমতলা ও ভাটপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম বলছেন, বল্লী ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মাদক নির্মূল ও দুর্নীতিমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ারও প্রতিশ্রুতি দেন তিনি।











