মণিরামপুরে পিকআপ-ভ্যান সংঘর্ষে শিশুসহ একই পরিবারের ৪ জন আহত
মণিরামপুর (যশোর) সংবাদদাতা: যশোরের মণিরামপুর উপজেলায় চলন্ত পিকআপ ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও দুই নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের চিনেটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেনÑযশোর সদর উপজেলার সিংড়া গ্রামের নিমাই দাস (৬০), তাঁর স্ত্রী অর্চনা দাস (৫০), স্বজন অপু দাস (৭) এবং ঝিনাইদহ থেকে আসা আত্মীয় দিপালী দাস (৫৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ভ্যানযোগে তাঁরা কেশবপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। চিনেটোলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গরুবোঝাই পিকআপের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।









