সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান

মার্কিন পারমাণবিক হামলার আশঙ্কার মধ্যে সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণ থেকে বাঁচার উপায় সংবলিত এক নজিরবিহীন জরুরি গণসতর্কতা ও নির্দেশিকা জারি করেছে ইরান কর্তৃপক্ষ। রেডিওঅ্যাক্টিভ বিষাক্ত উপাদান থেকে বাঁচতে জানালার আড়ালে না যাওয়া, বাড়ির এসি বা বায়ু সঞ্চালন ব্যবস্থা বন্ধ রাখা এবং অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এতে।

অক্টোবরের ২৯ তারিখে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ একটি আট মিনিটের শিক্ষামূলক ভিডিওসহ এই নির্দেশিকা প্রকাশ করে। ইস্পাহান প্রদেশের জরুরি পরিষেবা বিভাগ ভিডিওটি প্রকাশ করে।

উল্লেখ্য, ইস্পাহান প্রদেশেই ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র অবস্থিত। এই কেন্দ্রের কাছেই পাহাড়ের গভীরে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন নামক পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার গুঞ্জনের মধ্যেই নির্দেশিকাটি এলো।

গত ১৬ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পাহাড়ে আঘাত হানার ইঙ্গিত দিলেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নাকচ করেছিলেন। তবে গত সোমবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসন দাবি করেন, কয়েক দিনের মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনে পারমাণবিক হামলা চালাতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আইআরএনএ-এর প্রতিবেদনে বলা হয়, তীব্র আলো, বিস্ফোরণের তরঙ্গ, তীব্র তাপ এবং তেজস্ক্রিয় উপাদানের নিঃসরণকে পারমাণবিক বিস্ফোরণের চারটি প্রধান বিপদ হিসেবে চিহ্নিত করেছে ইরান।

ইস্পাহান রেড ক্রিসেন্ট সোসাইটির শিক্ষা ও গবেষণা বিভাগের উপপরিচালক ইব্রাহিম আদেলজাদে আইআরএনএ-কে বলেন, নিরাপদে যাওয়া সম্ভব হলে জানালার বাইরে এবং ভবনের কেন্দ্রীয় অংশে থাকা কক্ষ বা আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট উপযুক্ত আশ্রয় হতে পারে।

ভবনের দরজা-জানালা বন্ধ রাখা এবং বাইরের বাতাস টানে এমন এসি ও ভেন্টিলেশন ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেলজাদে আরও সতর্ক করে বলেন, প্রাথমিক বিস্ফোরণস্থলের বাইরে বাতাসের মাধ্যমে তেজস্ক্রিয় কণা বহুদূর ছড়িয়ে পড়তে পারে। ফলে দূরবর্তী অধিবাসীদেরও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। মিসরের ভেতো ও সাদা এল বালাদ এবং সৌদি আরবের সৌদি নিউজ ৫০-এর খবরে বলা হয়, অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকা, প্রক্রিয়াজাত খাবার ও বোতলজাত পানি ব্যবহার করা এবং কোনোভাবেই গাড়ির ভেতর আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিস্ফোরণের তীব্র আলোর দিকে সরাসরি না তাকাতে ও বাইরে থাকলে মাটিতে উপুড় হয়ে মুখ ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তেজস্ক্রিয় ধূলিকণার সংস্পর্শে এলে জামাকাপড় খুলে প্লাস্টিক ব্যাগে সিল করা এবং সাধারণ শ্যাম্পু ও উষ্ণ পানি দিয়ে ত্বক ও চুল ধোয়ার কথা বলা হয়েছে।

পারমাণবিক জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়োডিন ট্যাবলেট না খাওয়ার পরামর্শ দিয়েছেন ইস্পাহানের প্রি-হসপিটাল এমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র আব্বাস আবেদি। তিনি বলেন, স্ট্যাবল আয়োডিন কিছু ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি কর্তৃক তেজস্ক্রিয় আয়োডিন শোষণ কমাতে পারে, তবে অন্যান্য তেজস্ক্রিয় উপাদান বা বিকিরণ থেকে রক্ষা করে না।

ইলেক্ট্রোম্যাগনেটিক পালসের কারণে ইলেকট্রনিক ডিভাইস ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যেতে পারে বিধায় খবরের জন্য ব্যাটারিচালিত রেডিও ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যদিও ইরান প্রতি বছর ‘প্যাসিভ ডিফেন্স উইক’ পালন করে, তবে এবারই প্রথম পারমাণবিক হামলার মতো সুনির্দিষ্ট সারভাইভাল গাইড প্রকাশ করল দেশটির কর্তৃপক্ষ। ২০২৫ সালের জুনে ইসরায়েল-মার্কিন বিমান হামলার সময়েও বিকিরণ ছড়ায়নি বলে জনগণকে আশ্বস্ত করেছিল তেহরান, তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির পটভূমিতে এবারের ব্যাপক প্রস্তুতি বিশেষভাবে নজর কাড়ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Ads small one

তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

সংবাদদাতা: জাতীয় ছাত্রশক্তির তালা উপজেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহ্ জালাল আহমেদ রুমিকে আহ্বায়ক ও মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদ। মুখ্য সংগঠক হিসেবে মেহেদী হাসান এবং সংগঠক হিসেবে মো. শাকিল ও মো. আব্দুল্লাহ শেখ দায়িত্ব পেয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হাসান ফরমান ও সদস্য সচিব বখতিয়ার হোসেন কমিটির অনুমোদন দেন। মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলামের সুপারিশে অনুমোদিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

খুলনা সংবাদদাতা: সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে অংশ নিতে গিয়ে হরিণ শিকারের ফাঁদ পাতার অভিযোগে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকার কুতুবখালী বনাঞ্চলে টহলের সময় এ ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাস রায়ের ছেলে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পাঁচজনের একটি দল দুবলারচরের রাস উৎসবে অংশ নিতে এসে কুতুবখালী বনে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অবস্থান করছিল। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বিশ্বজিৎকে আটক করা হয়। অন্য চারজন বনের মধ্যে পালিয়ে যান।
আটক ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতকদের আটক ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে সুন্দরবনে তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।

সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

সংবাদদাতা: সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত যৌথসভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু।

বক্তারা বলেন, একজন সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর এ ধরনের হামলা নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সদস্য জি এম রুস্তম আলী, মো. আব্দুর রশিদ, মো. আল-আমিন হোসেন, মো. ইয়াসিন আলম, মো. তৌহিদুর রহমান, লিটন আহমেদ, রাজু, ফজলুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. আক্তার হোসেন, পরিতোষ বৈদ্য, মো. আশিকুজ্জামান লিমন, মো. আব্দুর রাকিব, মো. আব্দুল্লাহ আল মামুন, দীপক মিস্ত্রি, মো. আয়ুব আলীসহ অনেকে।