শার্শায় অল্প টাকা বেশি হবে বলে প্রতারণা, নগদ টাকা সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৭নং কায়বা ইউনিয়ননের বাগুড়ী গ্রাম থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৭৬ হাজার টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫০), একই জেলার মৃত আমীন উদ্দীনের ছেলে বকুল হোসেন (৫০) ও শার্শা উপজেলার রামপুর গ্রামের মৃত ছাফেদ আলী মন্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার পুলিশের একটি বিশেষ টিম বাগুড়ী গ্রামস্থ মাস্টার পাড়ার বাসিন্দা আক্কাস আলীর মাষ্টারের বাসায় অভিযান পরিচালনা করে ওই বাসার নিচতলার একটি রুম থেকে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তারা তিনজন ওই বাসায় একটি রুমে ভাড়া থাকত। পরস্পর যোগসাজশের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে পুলিশ দাবি করেন।
অভিযানকালে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা (১০০০ টাকার ২৭৬টি নোট), ৩টি পুরাতন ব্যবহৃত স্মার্টফোন, ১০০০ টাকার নোটের সাইজের ৮টি কাচের টুকরা, ২টি লাল সালুক কাপড়, ২টি লাল রঙের ব্যবহৃত কাটিং সুতা এবং ১টি পুরাতন ব্যবহৃত নীল রঙের হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের সর্বস্বান্ত করে আসছিল। উদ্ধারকৃত কাচের টুকরা, লাল কাপড় ও সুতা তারা সাধারণ মানুষকে ঠকানোর ফাঁদ হিসেবে ব্যবহার করত। তারা মানুষকে বোঝাতো তাদের কাছে অল্প টাকা জমা দিলে কয়েক দিন পর তা দ্বিগুণ হবে।









