শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী ও কুপোট এলাকায় খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শ্যামনগর থানা পুলিশের একটি দল ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে নদীতে একটি বোট দেখা গেলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বোটের মালিক ও কর্মচারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যান। ফলে কাউকে আটক বা বোটটি জব্দ করা সম্ভব হয়নি। পরে নদীর তীরবর্তী বালুর আড়তে অভিযান চালানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বেড়িবাঁধ ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এবং হাইকোর্টের নির্দেশনা অমান্য করে যারা এ ধরনের কর্মকা- চালাচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও উপকূলীয় অঞ্চল রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












