শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

শ্যামনগরে পুত্রের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
শ্যামনগরে পুত্রের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালীতে পুত্রের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃদ্ধ পিতা পুত্রের বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, টেংরাখালী গ্রামের মৃত এলোম বক্স গাজীর পুত্র মোঃ দাউদ আলী গাজী (৮৫) পেশায় একজন বনজীবি। সন্তানেরা ভরপোষণ না দেওয়ায় বৃদ্ধ বয়সে বনজীবির কাজ করে স্ত্রীকে নিয়ে সংসার পরিচালনা করেন।

 

অভিযোগ বৃদ্ধের ছোট পুত্র মোঃ রফিকুল ইসলাম একজন মাদকাসক্ত। সে বিভিন্নসময়ে বৃদ্ধ পিতা ও তার স্ত্রীকে মারধর করে টাকা আদায় করে আসছে। সম্প্রতি রফিকুলের সাথে তার স্ত্রীর সাথে বিরোধ সৃষ্টি হলে স্ত্রী পিতার বাড়িতে চলে যায়।

 

এরপর থেকে রফিকুল তার বৃদ্ধ পিতাকে স্ত্রী এনে দেওয়ার জন্য চাপাচাপি করে। বৃদ্ধ পিতা রাজি না হওয়ায় শনিবার দিবাগত রাত ১২টার দিকে রফিকুল তার বৃদ্ধ পিতার উপর চড়াও হয়। এ সময় তার আঘাতে বৃদ্ধের দুই হাত ফোলা জখম হয়। বৃদ্ধের আত্মচিৎকারে মোছাঃ মারুফা খাতুন, মোঃ শামীম হোসেন ও মোছাঃ রোকেয়া খাতুন ছুটে এসে বৃদ্ধকে রফিকুলের হাত থেকে উদ্ধার করে। বৃদ্ধ দাউদ আলী সন্তানের ভয়ে আতঙ্কে দিনযাপন করছেন। এ বিষয়ে রফিকুলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বৃদ্ধকে সবোর্চ্চ আইনি সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি দিবেন বলে জানান।

 

 

 

Ads small one

পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা, আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা, আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন, সাংগঠনিক বিষয় এবং আগামী দ্বিবার্ষিক জেলা সম্মেলন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা মন্দিরের নাটমন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
জেলা কমিটির সিনিয়র সহসভাপতি শ্রী স্বপন কুমার শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের প্রতিনিধি শ্রী নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণবিষয়ক সহসম্পাদক বিপ্লব কুমার সাহা। তিনি আগামী জেলা সম্মেলনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন জন্মাষ্টমী উৎসব প্রতি বছরের মতো এবারও আড়ম্বরপূর্ণ শোভাযাত্রাসহকারে উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে উপজেলা পর্যায়ের সম্মেলন শেষ করে সেপ্টেম্বর মাসের শেষার্ধে জেলা সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রী বিশ্বনাথ ঘোষকে আহ্বায়ক এবং শ্রী অসীম কুমার দাস সোনাকে সদস্যসচিব মনোনীত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জী, সংগঠনের সহসভাপতি গৌর চন্দ্র দত্ত, অধ্যক্ষ শিব পদ গাইন, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, নীলকণ্ঠ সোম, অ্যাডভোকেট কৃষ্ণ পদ মন্ডল, সন্দীপ কুমার রায়, নারায়ণ চন্দ্র মজুমদার, অমিত ঘোষ বাপ্পা ও সুজন বিশ্বাস।

দৈনিক গণমুক্তির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হলেন দেলোয়ার হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
দৈনিক গণমুক্তির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হলেন দেলোয়ার হোসেন

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. দেলোয়ার হোসেন। সম্পাদক ও প্রকাশকের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। মো. দেলোয়ার হোসেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করে আসছেন। প্রেসবিজ্ঞপ্তি

কালিগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে জনতার ঢল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
কালিগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে জনতার ঢল

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা মিলনমেলায় পরিণত হয়।
ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের কাছে আমাদের শেকড় ও ঐতিহ্য তুলে ধরতে এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম প্রমুখ।
প্রতিকুল আবহাওয়া ও কর্দমাক্ত পরিবেশ উপেক্ষা করে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজন উপভোগ করতে নারী, পুরুষ, শিশু-কিশোরসহ সব শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। আগামীতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫ টি ঘোড়া অংশগ্রহণ করে। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়া থেকে আসা ঘোড়া প্রথম স্থান এবং খুলনা থেকে আসা ঘোড়া দ্বিতীয় স্থান অর্জন করে।