সাতক্ষীরায় তথ্যচিত্র প্রদর্শনী ও নজরুল জয়ন্তীর পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সরকারি গণগ্রন্থাগারে বজ্রপাত মোকাবিলায় করণীয় ও সতর্কতা বিষয়ক এক তথ্যচিত্র প্রদর্শনী এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গ্রন্থাগার কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সহকারী লাইব্রেরিয়ান মো. জিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবন্ধকার কবির রায়হান। কবির রায়হান তাঁর বক্তব্যে বলেন, “শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন লেখকের বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। এজন্য সবাইকে গ্রন্থাগারে আসার এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানাই।”
তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন মনীষীদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইপাঠ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। বইপাঠ প্রতিযোগিতার ৪টি গ্রুপে ১২ জন এবং রচনা প্রতিযোগিতার ৩টি গ্রুপে ৯ জনসহ মোট ২১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।









