সাতক্ষীরায় পাঁচ ভিক্ষুককে পুনর্বাসনে সহায়তা
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় পাঁচজনের মধ্যে অনুদান হিসেবে ছাগল, খাদ্যসামগ্রী, গৃহস্থালি উপকরণ ও মুদি দোকানের মালামাল বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
অনুদান হিসেবে বৈকারী ইউনিয়নের কাথন্ডা গ্রামের আব্দুল বারী ও বল্লী ইউনিয়নের রায়পুর গ্রামের এবাদুল সরদারকে চাল, ডাল ও ছাগল দেওয়া হয়। ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের রোকেয়া খাতুন এবং ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের লক্ষণ দাশকে দেওয়া হয় দুই বান্ডিল টিন। এ ছাড়া ঘোনা ইউনিয়নের মাওলা বক্স সানার মেয়ে মাহফুজা পারভীন চম্পাকে মুদি দোকানের মালামাল দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদ আলম। এ ছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী টিপু সুলতান ও সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।












