বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ৩ ও ৪ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও গাজীপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৬ আরবি থেকে প্রায় ২০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল বোয়ালিয়া মোড় এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। এ ছাড়া গাজীপুর বিওপির দল সীমান্ত পিলার ৪-এর ৬ এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুরিঘাটা এলাকা থেকে ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করে।

বিজিবির দাবি, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ অভিযানের প্রশংসা করেছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Ads small one

সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে রক্তদান ও মশক নিধন কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে রক্তদান ও মশক নিধন কর্মসূচি

পত্রদূত ডেস্ক: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে অধিদপ্তর চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী আয়োজনের পঞ্চম দিনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস।

বক্তব্যে সঞ্জীত কুমার দাস বলেন, দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছায় রক্তদান মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। একইভাবে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অধিদপ্তরের প্রশিক্ষক ও বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

পাটকেলঘাটা বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
পাটকেলঘাটা বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী শেখ জিল্লুর রহমান গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাটকেলঘাটা বাজার এলাকায় তিনি এ গণসংযোগ করেন।

শেখ জিল্লুর রহমান জেলা জাসাসের আহ্বায়ক। গণসংযোগকালে তিনি বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি, জাসাস ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় নির্মিত হলো জনসচেতনতামূলক চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরায় নির্মিত হলো জনসচেতনতামূলক চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’

পত্রদূত ডেস্ক: ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এর কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাতক্ষীরায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’। ঘাসফড়িং ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন মো. আসিফুল আলম (আসিফ)।

সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরাসহ শহরের কয়েকটি স্থানে চলচ্চিত্রটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। এতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহ, উপকারভোগী নির্বাচন এবং কর্মসূচি সম্পর্কে জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় ও সহযোগিতা করেছেন জিয়াউল হক (জিয়া), খালেদুর রহমান (বাচ্চু), ছন্দা, মনিরুল ইসলাম (মনির), মনিরা, আফরিন, বিজলি, মিম, তাসমিন, মায়া, মায়মুনা, ফাতেমা, আল-আমিন ও নয়নসহ অনেকে। ফ্যামিলি কার্ডের তথ্যকর্মী, ক্যামেরাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও চিত্রায়ণে সহযোগিতা করেন।

চলচ্চিত্রটির সার্বিক সহযোগিতায় রয়েছেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মো. মশিদুল হক। এ ছাড়া বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ সহযোগিতা করেছে।

পরিচালক মো. আসিফুল আলম জানান, সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সহজভাবে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা তৈরিই চলচ্চিত্রটি নির্মাণের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় চিত্রায়ণ সফলভাবে সম্পন্ন হয়েছে।