স্থাপনের ৮ বছরেও চালু হয়নি সাতক্ষীরা মেডিকেল কলেজের এস্কেলেটর, বন্ধ ৩টি লিফট
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;
নিজস্ব প্রতিনিধি: স্থাপনের আট বছর পেরিয়ে গেলেও চালু হয়নি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এস্কেলেটর লিফট বা চলন্ত সিঁড়ি। প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই এস্কেলেটরটি অব্যবহারের কারণে নষ্ট হতে বসেছে। পাশাপাশি হাসপাতালটির ১০টি প্যাসেঞ্জার লিফটের মধ্যে ৩টিই বন্ধ রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালের দিকে রোগী ও দর্শনার্থীদের জন্য ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড’-এর মাধ্যমে সাড়ে ৫৯ লাখ টাকা ব্যয়ে এস্কেলেটর লিফট ও ১০টি প্যাসেঞ্জার লিফট স্থাপন করা হয়। কিন্তু চালুর পর থেকেই অজানা ত্রুটির কারণে চলন্ত সিঁড়িটি বন্ধ পড়ে আছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক কুদরত-ই-খোদা জানান, চলন্ত সিঁড়িটি চালু এবং বন্ধ থাকা ৩টি প্যাসেঞ্জার লিফট মেরামতের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও প্রতিকার মেলেনি। সর্বশেষ ৫ জুলাই ২০২৬ তারিখে চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগ ও ভর্তি রোগীর চিকিৎসায় দুই হাজারের বেশি দর্শনার্থী আসা-যাওয়া করেন। চালু লিফটগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ায় চিকিৎসাকর্মী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে যোগাযোগের পর খুলনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে হাসানুজ্জামান জানান, খুলনা অঞ্চলে যোগদানের পর তিনি জানতে পেরেছেন লিফটটি অপ্রয়োজনীয়ভাবে তৈরি করা হয়েছিল। ১০টি সাধারণ লিফট যেখানে রয়েছে, সেখানে অতিরিক্ত ব্যয়ে এস্কেলেটরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকে যায়। তা সত্ত্বেও একজন ইলেকট্রিশিয়ান পাঠিয়ে সেটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বন্ধ থাকা ৩টি প্যাসেঞ্জার লিফট মেরামতের কাজও দ্রুত শুরু হবে।









