আর্থিক অনিয়ম ও মাদকাসক্তির অভিযোগ: সাতক্ষীরায় শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিনিধি: আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি-খুলনা-৭৬৪) দুই শীর্ষ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সংগঠনের সহসভাপতি মো. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মজনু সরদার।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংগঠনের গঠনতন্ত্রের ২৯ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে এই দুই নেতাকে উল্লিখিত অভিযোগের বিষয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তাঁরা নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় সংগঠন এই কঠোর ব্যবস্থা নিয়েছে।
বিজ্ঞপ্তিতে দুই নেতার বিরুদ্ধে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করা, তহবিলের অর্থ তছরুপ, মাদক ও জুয়ায় আসক্তি এবং সংগঠনের কর্মকর্তা ও সাধারণ সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত দুই নেতার সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।






