ইতালির স্কুলে নিষিদ্ধ হলো বোরকা-নিকাব
অনলাইন ডেস্ক: ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ এবং শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করার পরিকল্পনা এগিয়ে নিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো বা প্রায় ১ হাজার ১৪০ ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।
শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার জাতীয়তাবাদী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালির (এফডিআই) যুব শাখার এক সমাবেশে এসব পরিবর্তনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার মেলোনির মন্ত্রিসভা এ বিষয়ে একটি ডিক্রি-ল’ অনুমোদন করে।
নতুন বিধান অনুযায়ী, ইতালির স্কুলে বোরকা ও নিকাব পরা অবৈধ হবে। একই সঙ্গে আগামী বছর থেকে শ্রেণিকক্ষে ইতালীয় ভাষায় কথা বলতে পারে না এমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে।
সরকারের অনুমোদিত ডিক্রি-ল’ তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে। তবে কার্যকর রাখার জন্য ৬০ দিনের মধ্যে এটি পার্লামেন্টে অনুমোদন করাতে হবে। দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লারও এতে অনুমোদন দেওয়ার বিষয় রয়েছে।
তবে শিক্ষাক্ষেত্রে নতুন কোনো ধরনের বাধা তৈরি করা নিয়ে সতর্ক অবস্থান জানিয়েছেন প্রেসিডেন্ট মাত্তারেল্লা। চলতি সপ্তাহে তিনি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইতালীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা এবং স্কুলে বোরকা ও নিকাব বন্ধ করার জন্য নেওয়া পদক্ষেপগুলো ‘বিভাজন তৈরি করে না, বরং সাধারণ বোধের বিষয়’।
তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থার দিকে এগোতে চায়, যেখানে নিয়মের সঙ্গে আপস না করেই শিক্ষার্থীদের একীভূত করা হবে। যাদের বেশি সহায়তা প্রয়োজন, তাদের সহযোগিতা করা হবে এবং সবাইকে সমান জায়গা থেকে শুরু করার সুযোগ দেওয়া হবে।
নতুন এই পদক্ষেপ ইতালির স্কুলে ভাষাগত ও সাংস্কৃতিক একীভূতকরণ নিয়ে সরকারের নীতির অংশ হিসেবে সামনে এসেছে। তবে ডিক্রি-ল’টি পার্লামেন্টে অনুমোদনের সময় এ নিয়ে আরও আলোচনা ও পরিবর্তনের সুযোগ রয়েছে।









