শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় স্কুল পর্যায়ের স্কাউট সদস্যরা সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাবেক এমপির বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে স্কাউট সদস্যদের উদ্দেশে নিয়ম-শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। তিনি স্কাউট সদস্যদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলার চর্চা করার এবং এই আদর্শগুলো মনেপ্রাণে ধারণ করার পরামর্শ দেন।

সাক্ষাৎকালে স্কাউট সদস্যরা তাদের খেলাধুলার সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলে হাবিবুল ইসলাম হাবিব স্কাউট দলের জন্য এক সেট ক্রিকেট ব্যাট-বলসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আশ্বাস দেন। স্কাউট সদস্যরা এর জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময় সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামানসহ স্কাউট সদস্য ফাহিম, সামিয়া, তানিশা, আলিফ, সজীব, হাসিব, তাসিন, আরাফ, নুসরাত জাহান, মেহেরাব ও শান্ত উপস্থিত ছিল।

Ads small one

অসুস্থ পুরোহিত শুভংকরের আকুতি: বাঁচতে চান তিন মেয়ের বাবা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
অসুস্থ পুরোহিত শুভংকরের আকুতি: বাঁচতে চান তিন মেয়ের বাবা

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: “আমার বাবাকে বাঁচান, বাবা ছাড়া আমাদের কেউ নেই…” সাত বছরের শিশু দিয়ার এই আকুতি সেখানে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামের পুরোহিত শুভংকর ব্যানার্জি দুটি ফুসফুসের জটিলতায় ভুগছেন। সারা জীবন অন্যের মঙ্গলের জন্য পূজা করে যে সামান্য আয় হতো, তা দিয়েই স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে চলত তাঁর সংসার। নিজস্ব কোনো জমিজমা নেই, সম্বল শুধু বসতভিটাটুকু। গত এক বছর ধরে তাঁর দুটি ফুসফুস অকেজো হয়ে পড়েছে। দেশ ও ভারতের কল্যাণীর চিকিৎসকেরা জানিয়েছেন, ওষুধে আর কাজ হবে না, দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন। বর্তমানে তিনি ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এই ব্যয়বহুল অস্ত্রোপচারের জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা, যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। ইতিমধ্যে ধারদেনা করে সঞ্চয় শেষ, ওষুধ কেনার টাকাও নেই। সামনের দুর্গোৎসবে যে মানুষটি সবাইকে আনন্দ দিতেন, তিনি এখন হাসপাতালের বিছানায়।

শুভংকরের স্ত্রী অসীমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, টাকার অভাবে চোখের সামনে স্বামীকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখছেন তারা। সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে তিনটি শিশু সন্তান বাবাকে হারানো থেকে রক্ষা পেতে পারে। (সাহায্য পাঠানোর মাধ্যম: বিকাশ নম্বর- ০১৭২৪২৬৩৮১৫)।

বৈকারী ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যদের সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
বৈকারী ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যদের সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে মানবাধিকার সংরক্ষণ পরিষদ (এমএসপি) ও মানবাধিকার নারী পরিষদের (এমএনপি) সদস্যদের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এমএসপির আহ্বায়ক হাবিবুর রহমান ও এমএনপির আহ্বায়ক শারমিন নাহারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অধীনে, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় স্বদেশ সংস্থার বাস্তবায়নাধীন ‘এনগেজ নাউ’ প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় নারী ও শিশু পাচার, জন্ম নিবন্ধন, বাল্যবিয়ে, নারী-শিশু নির্যাতন, যৌন হয়রানি এবং সাইবার অপরাধসহ এলাকার সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে এসব সামাজিক ব্যাধি সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করতে এলাকায় সমন্বিত প্রচার অভিযান (ক্যাম্পেইন) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে যেকোনো জরুরি প্রয়োজনে বা পরামর্শের জন্য সরকারি সেবা নম্বর ও স্বদেশ সংস্থার হটলাইন নম্বরে (০১৩৩৯৬২৬৮৮৪) যোগাযোগের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্বদেশ সংস্থার নাগরিকতা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ২৫ বছরের দখলে থাকা জমিতে বেড়া দিয়ে দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেড়া ও ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেয়।

অভিযোগকারী সিরাজুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের মৃত মতলেব সরদারের ছেলে মঞ্জুরুল সরদার পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া ২৫ শতক জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেখানে তাঁর ভাই সিরাজুল ইসলামও থাকেন। এসএ ২৭ খতিয়ান, যা পরবর্তী সময়ে বিএস ৮৭ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছেÑঐ খতিয়ানের বিভিন্ন দাগে মোট ২ দশমিক ৫৬ একর জমি রয়েছে, যার মধ্যে ২৫ শতক জমি তাঁদের।

সিরাজুল ইসলামের দাবি, একই গ্রামের সাহেব আলী সরদারের ছেলে মঞ্জুরুল সরদার ও তাঁর ভাগনে আবু হানিফ বেশ কিছুদিন ধরে তাঁদের জমি দখলের হুমকি দিয়ে আসছিলেন। এ অবস্থায় জমি দখলের আশঙ্কায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুই ব্যক্তিকে বিবাদী করে একটি মামলা (নম্বর ১৯২/২৬) করেন।

মামলার পর আদালত সংশ্লিষ্ট জমিতে দখলের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। তবে আদালতের নির্দেশ উপেক্ষা করে শনিবার ভোরে প্রতিপক্ষের লোকজন এসে ঐ জমির ৬ শতক নিজেদের দাবি করে বেড়া দেওয়ার কাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বেড়া দেওয়ার কাজ শেষ করা হয় বলে অভিযোগ তাঁর।

পাইকগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের ঘেরা-বেড়া ও ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আদালতের আদেশ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে জমির মালিকানা বিষয়ে মঞ্জুরুল সরদার জানান, নিজের জমির দলিল ও রেকর্ড থাকার কারণেই তিনি সীমানা ঘেরে দখল নিয়েছেন।