তালা উপজেলায় থামছে না বাল্যবিয়ে
এমএম জামান মনি, পাটকেলঘাটা: সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসন জেল-জরিমানা করেও কোনোভাবেই ঠেকাতে পারছে না বাল্যবিয়ে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রামে বাল্যবিয়ে হচ্ছে। বিশেষ করে দরিদ্র পরিবারের মেয়েদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
সম্প্রতি উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ শিক্ষার্থীকে বাল্যবিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেলে তৎপর হয়ে ওঠে প্রশাসন। অভিভাবকেরা জেলার বাইরে থেকে কাজী ডেকে এনে গোপনে বিয়ে দিয়েছেন বলে প্রশাসনের কাছে স্বীকার করে মুচলেকা দিয়ে শিক্ষার্থীদের আবার স্কুলে পাঠিয়েছেন।
গত ১০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ তাঁর কার্যালয়ে অভিভাবকদের ডেকে পাঠান। এ সময় অভিভাবকেরা অপ্রাপ্তবয়সে মেয়েদের বিয়ে দেওয়ার কথা স্বীকার করে ক্ষমা চান।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিভাবকেরা তাঁদের মেয়েদের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত শ্বশুরবাড়ি পাঠানো থেকে বিরত থাকবেন এবং লেখাপড়া চালিয়ে যাবেন বলে লিখিত মুচলেকা দিয়েছেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর ও তদারকির জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিব হোসেন বলেন, গত ৩১ আগস্ট তিনি ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে নবম শ্রেণির ৫ জন ও দশম শ্রেণির ৬ জন শিক্ষার্থীর বাল্যবিয়ের বিষয়টি জানতে পারেন। পরে আরও ২ শিক্ষার্থীর বিয়ের খবর জানতে পেরে বিদ্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন।
এর আগে ২৪ জুলাই ভ্রাম্যমাণ আদালত নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে মেয়ের অভিভাবক উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই দিনে চাঁদকাটি গ্রামে একটি বাল্যবিয়ে বন্ধ করে দেয় প্রশাসন।
এদিকে পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের এক ছাত্রীর বাল্যবিয়ে দেওয়ার দিনক্ষণ নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার জানান, অভিযোগ পেলেই কেবল তাঁরা দ্রুত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু অনেক অভিভাবক ভালো পাত্র-পাত্রী পেলে গোপনে বিয়ে দিয়ে দেন। নি¤œবিত্ত পরিবারগুলোতে এ ঘটনা বেশি ঘটে।
এ ব্যাপারে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা ফেরদৌসী বলেন, বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।












