কলারোয়ায় পতিত জমিতে পানিফলের বাম্পার ফলন : ভালো দামে খুশি চাষিরা
জুলফিকার আলী: সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর এলাকায় এবারও জমে থাকা পানিতে সুস্বাদু ও পুষ্টিকর পানিফলের (পানিসিংড়া) বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিসের নিবিড় তদারকি ও সময়োপযোগী পরামর্শে গোপীনাথপুর মাঠের প্রায় ৬ হেক্টর জমিতে এবার পানিফলের সফল চাষ হয়েছে। ইতোমধ্যে বাজারে ভালো দামে পানিফল বিক্রি শুরু হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে।
সরেজমিনে জানা যায়, গোপীনাথপুর এলাকার নিচু জমি ও জমে থাকা জলাশয়কে কাজে লাগিয়ে প্রতি বছরের মতো এবারও বাণিজ্যিক ভিত্তিতে পানিফল চাষ করেছেন স্থানীয় কৃষকরা। এবার গোপীনাথপুর মাঠে প্রায় ১৫ থেকে ১৬ জন চাষি এই ফল চাষে যুক্ত হয়েছেন। এদের মধ্যে সুলতান ধাপকের ছেলে একুব্বার ধাপক ৫ বিঘা, ইসমাইল হোসেনের ছেলে রেজাউল ইসলাম ৬ বিঘা, সুলতান গাজীর ছেলে নাজির হোসেন আড়ই বিঘা, রফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন ৪ বিঘা, তহিদুল ইসলাম ৬ বিঘা, সুলতানের ছেলে দীন মোহাম্মদ ১ বিঘা, হাফিজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম ৩ বিঘা এবং আব্দুল মজিদের ছেলে ওয়াজেদ আলী ১ বিঘা জমিতে পানিফলের আবাদ করেছেন।
চাষিরা জানান, মৌসুমের শুরুতেই স্থানীয় বাজারে পানিফল উঠতে শুরু করেছে। বর্তমানে বাজারে প্রতি কেজি পানিফল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পাওয়ায় তারা দারুণ সন্তুষ্ট।
মাঠ পর্যায়ে কৃষি সেবার বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবীর হোসেন জানান, তিনি নিয়মিত গোপীনাথপুরের পানিফল চাষীদের খোঁজখবর নিচ্ছেন এবং সঠিক পরিচর্যা ও পোকা-মাকড়দমনে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথ বলেন, “কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতা নিয়ে গোপীনাথপুর এলাকায় প্রতিবছর স্থানীয় চাষিরা সফলভাবে পানিফল চাষ করে আসছেন। এবারও ৬ হেক্টর জমিতে এর আবাদ হয়েছে। ফলন অত্যন্ত ভালো হওয়ায় চাষিরা বাম্পার ফলনের আশা করছেন এবং আমরাও তাদের সব ধরণের কৃষি সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।











