চুরির ঘটনায় বিচারের দাবিতে তুজুলপুর বাজারে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরির প্রতিবাদে এবং অভিযুক্ত শাহজাহান, বাবু ও দিপুর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে তুজুলপুর বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন তুজুলপুর বাজার জামে মসজিদের সভাপতি সেলিম হোসেন, বাজার কমিটির সভাপতি হাফেজ আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পিন্টু, বাবলুর রহমান মহুরি, আলম মোল্লা ও ওয়ার্ড জামায়াতের সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।
বক্তারা জানান, মসজিদের দানবাক্স ভেঙে শাহজাহান, দিপু ও বাবু টাকা চুরি করেন। বিষয়টি মসজিদ কমিটির বৈঠকে মীমাংসার সময় তারা চুরি করার কথা স্বীকার করেন এবং ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে ১০ দিনের সময় নেন। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা টাকা না দিয়ে তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে মসজিদের সভাপতি সেলিম হোসেনসহ কয়েকজন টাকা ফেরত দেওয়ার তাগিদ দিলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা সেলিম হোসেনকে মারধর করেন।
এ ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করে অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। বক্তারা আরও অভিযোগ করেন, শাহজাহান এলাকায় দীর্ঘদিন ধরে নানা ধরনের চুরি ও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। প্রতিবাদ করলে তিনি প্রাণনাশের হুমকি দেন এবং নিয়মিত মাদক সেবন করে এলাকার পরিবেশ নষ্ট করছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সেলিম হোসেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









