তালায় একই দিনে দুই বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা
তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নে একই দিনে দুটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক কনের বাবাকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান। আদালত অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতির দায়ে কনের বাবা আবুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
আবুল হোসেন জরিমানার অর্থ পরিশোধ করার পাশাপাশি মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। একই সময় বিয়েতে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়।
অন্যদিকে, একই দিনে মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রামে অপর একটি বাল্যবিয়ে বন্ধ করে দেয় প্রশাসন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মীরা সেখানে পৌঁছান এবং মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করে বিয়েটি বন্ধ করে দেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার জানান, সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের অভিযোগের ভিত্তিতে এই দুই অভিযান পরিচালিত হয়। অভিযানে কিশোর-কিশোরী ক্লাবের কর্মী ও জেন্ডার প্রমোটারসহ বিভিন্ন শিক্ষা কর্মকর্তা অংশগ্রহণ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।






