রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কলারোয়ায় শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
কলারোয়ায় শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

কলারোয়া প্রতিনিধি: ‘আলোকিত মানুষ চাই, মানুষ তার স্বপ্নের সমান বড়’Ñএই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে রোববার বিকেলে উপজেলা মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। তিনি বলেন, জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম বই। মানুষের চিন্তার জগৎ প্রসারিত করতে বইয়ের বিকল্প নেই। তিনি মেলা ঘুরে দেখার এবং বই পড়ার অভ্যাস বজায় রাখার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক জাহিদুল ইসলাম এবং ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম।

আয়োজকেরা জানান, মেলায় পাঠকদের উৎসাহিত করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইয়ে ৩০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

Ads small one

কালিগঞ্জে সাংবাদিকের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ৭ লাখ টাকার ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
কালিগঞ্জে সাংবাদিকের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ৭ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ধারাবাহিক হামলা ও হুমকির অভিযোগের মধ্যে সংবাদকর্মী ও ব্যবসায়ী শেখ ফিরোজ আহমেদের ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নেট, পলিথিন ও জিও শিটসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

২৭ সেপ্টেম্বর ভোরে উপজেলার রতনপুর বাজারে অবস্থিত ‘এস কে এন্টারপ্রাইজ’ নামের ওই প্রতিষ্ঠানে এই অগ্নিসংযোগ ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শেখ ফিরোজ আহমেদ স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকার স্টাফ রিপোর্টার।
ফিরোজ আহমেদের অভিযোগ, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় দোকানের পেছনের অংশ দিয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বিপুল মালামাল পুড়ে যায়। তাঁর দাবি, এলাকায় মাদকবিরোধী সংবাদ প্রকাশের জের ধরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কিছুদিন ধরে হুমকি-ধামকির শিকার হয়ে আসছেন। এর আগে তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছিল।

এর আগে গত আগস্টে একই উপজেলায় সংবাদকর্মী ফেরদৌস আহমেদ ও শেখ ফিরোজ আহমেদের ওপর পৃথক হামলার ঘটনা ঘটে। ফিরোজ আহমেদ জানান, এসব ঘটনায় কালিগঞ্জ থানায় এজাহার দেওয়া হলেও পুলিশ তদন্তের নামে দীর্ঘসূত্রতা করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর আগের হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২২ হাজার ৮০০ টাকা।
২৭ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ তলুইগাছা ও সুলতানপুর বিওপি এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, তলুইগাছা সীমান্ত থেকে ভারতীয় মদ, সুলতানপুর সীমান্ত এলাকা থেকে ওষুধ, বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ঝাঁউডাঙ্গা ক্যাম্পের টহল দল ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করে।
শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। দেশীয় শিল্প সুরক্ষা এবং রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সম্পাদকীয়/ কলাগাছিতে সাইক্লোন সেন্টার নির্মাণ জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
সম্পাদকীয়/ কলাগাছিতে সাইক্লোন সেন্টার নির্মাণ জরুরি

ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের মতো বাস্তবতায় উপকূলবর্তী সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি, বিশ্বাসের চক ও কুলপোতা গ্রামের বাসিন্দারা প্রতিনিয়ত চরম ঝুঁকির মধ্যে বাস করছেন। চারপাশে নদী, বিল ও খাল পরিবেষ্টিত এই তিন গ্রামে প্রায় ছয় হাজার মানুষের বসবাস। ভৌগোলিক অবস্থানের কারণে যেকোনো ঝড় বা জলোচ্ছ্বাসে এই এলাকা মারাত্মকভাবে প্লাবিত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দুর্যোগপ্রবণ ও জনবহুল এই জনপদে আজ পর্যন্ত কোনো সাইক্লোন সেন্টার বা আশ্রয়কেন্দ্র গড়ে ওঠেনি। জীবনের নিরাপত্তা ও গবাদিপশুর সুরক্ষার স্বার্থে এই অঞ্চলে একটি আধুনিক সাইক্লোন সেন্টার নির্মাণ করা এখন সময়ের দাবি।

পত্রিকান্তরে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এই গ্রামের সিংহভাগ মানুষই দরিদ্র এবং তারা প্রধানত বেড়িবাঁধ, বিল ও নদীর কোলঘেঁষে বসবাস করেন। দুর্যোগ দেখা দিলে নিরাপদ কোনো স্থান না থাকায় মানুষ ও গবাদিপশুর বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়। অথচ অবাক করার বিষয় হলো, স্থানীয় মানুষের চাহিদা উপেক্ষা করে অধিক দুর্যোগপ্রবণ ও জনবহুল কলাগাছি গ্রামকে বাদ দিয়ে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ ও মাত্র ৮৫টি পরিবার অধ্যুষিত দর মুড়াগাছা গ্রামে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে একটি সাইক্লোন সেন্টার নির্মাণের প্রক্রিয়া চলছে।

পরিকল্পনাকারীদের এমন দূরদর্শিতাহীন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যে স্থানে সুবিধাবোগী মানুষের সংখ্যা বেশি এবং ঝুঁকির মাত্রা সর্বাধিক, সরকারি ও বেসরকারি যেকোনো উন্নয়ন প্রকল্পের কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল সেটিই। অথচ দর মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত জায়গা না থাকা সত্ত্বেও সেখানে আশ্রয়কেন্দ্র বানানোর উদ্যোগ মাঠ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করবে, যার অদূরেই শালিখা ডিগ্রি কলেজে একটি আশ্রয়কেন্দ্র বিদ্যমান। অন্যদিকে, কলাগাছি হাইস্কুল চত্বরে সাইক্লোন সেন্টারটি নির্মিত হলে তা সংলগ্ন তিন গ্রামের বিপুলসংখ্যক দুর্গত মানুষের প্রকৃত কাজে আসত।
এ ক্ষেত্রে এলজিইডি বা সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের স্থানীয় কর্তৃপক্ষের উচিত আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে বাস্তবানুগ সিদ্ধান্ত গ্রহণ করা। উন্নয়ন কেবল প্রকল্পের বাজেট বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা যেন গণমানুষের প্রকৃত নিরাপত্তায় কাজে আসেÑসে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

তালা উপজেলা প্রকৌশলীর ইতিবাচক আশ্বাস অনুযায়ী, যথাযথ আবেদন ও প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে এ সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা সম্ভব। আমরা আশা করি, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন জরুরিভিত্তিতে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং অবকাঠামোটির সঠিক স্থান নির্বাচন করে কলাগাছি হাইস্কুল চত্বরেই সাইক্লোন সেন্টার নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। উপকূলীয় অসহায় সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে প্রশাসন দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবেÑএটাই আমাদের প্রত্যাশা।