ধান চাষের জমিতে ঘর নির্মাণ: আশাশুনিতে সার্ভেয়ারের মাপজরিপ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার চাকলা তেলেখালী মৌজায় ধান চাষের জন্য একসনা ডিসিআর (অর্পিত সম্পত্তির বার্ষিক ইজারা) নেওয়া জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার সরেজমিন গিয়ে ওই জমির মাপজরিপ ও তদন্ত সম্পন্ন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তেলেখালী মৌজার ১ নম্বর খতিয়ানের ৭ একরের বেশি জমি কয়েক বছর ধরে ধান চাষের শর্তে ইজারা নিয়ে ভোগদখল করছেন স্থানীয় শরিফুল সানা, জহুরুল সানাসহ আটজন। তবে চাষাবাদের জন্য জমি বরাদ্দ দেওয়া হলেও সেখানে জহুরুল সানা ও রবিউল সানা পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। এছাড়া আরও কয়েকজন সেখানে কাঁচা ঘর তুলে বসবাস করছেন।
এই অনিয়মের বিরুদ্ধে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি মিস আপিল মামলা (নং ৮৩/২০২৫) দায়ের করেন রেবেকা খাতুন নামের এক ভুক্তভোগী। আদালত জমির বর্তমান দখল ও মালিকানা বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিলে সার্ভেয়ার তারিকুল ইসলাম সরেজমিন তদন্ত করেন। সার্ভেয়ার জানান, তদন্তের তথ্য ও নকশা সংগ্রহ করা হয়েছে, যা দ্রুতই আদালতে জমা দেওয়া হবে।









