পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য: বাপ্পি
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার মানুষের চিকিৎসাসহ সব ধরনের আধুনিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি।
তিনি বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মানবসেবার এই কাজে যারা সহযোগিতা করছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে প্রতিনিয়ত ছোট-বড় পরিসরে জনসেবামূলক উদ্যোগ নিতে হবে। জনগণের স্বার্থে নিজেকে নিয়োজিত রাখাই একজন মানুষের প্রধান দায়িত্ব।”
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া মিলনবীথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পে মোট ৩৫৫ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক সৌমিত্র বৈরাগী এবং ক্যাম্প পরিচালনা করেন প্রতিনিধি মো. আরাফাত হোসেন।
ক্যাম্পে আগত রোগীদের মধ্য থেকে ৪০ জন ছানি রোগী শনাক্ত করা হয়। এসব রোগীকে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নিখরচায় অস্ত্রোপচারের মাধ্যমে উন্নত মানের লেন্স বসিয়ে দেওয়া হবে। এ ছাড়া ৭০ জন রোগীকে বিনামূল্যে চশমা ও ৪০ জনকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।






