শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রবীণ সংগীতশিল্পী গোবিন্দ ঘোষের প্রয়াণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
প্রবীণ সংগীতশিল্পী গোবিন্দ ঘোষের প্রয়াণ

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের জ্যেষ্ঠ সদস্য ও বিশিষ্ট সংগীতশিল্পী গোবিন্দ ঘোষ (৬৬) পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তালা উপজেলার ইসলামকাটি গ্রামে নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পেশাগত জীবনে তিনি ভূমি অফিসে কর্মরত ছিলেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে ইসলামকাটি কপোতাক্ষ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যু সংবাদে স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সংগীতের প্রতি তাঁর আজীবন অনুরাগ ও অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

Ads small one

আশাশুনিতে জমি নিয়ে বিরোধ, শাবলের আঘাতে আহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
আশাশুনিতে জমি নিয়ে বিরোধ, শাবলের আঘাতে আহত ২

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার নাকনা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। এতে শাবলের আঘাতে দুজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, নাকনা গ্রামের মাফুয়ার রহমান ও মাকসুদুর রহমান নাকনা মৌজায় ক্রয়সূত্রে ১৬ দশমিক ৮০ শতক জমির মালিক। অভিযোগে বলা হয়েছে, জমিটি তাঁদের নামে নামজারি করা রয়েছে। এ জমি নিয়ে খাদিজা খাতুন (নাকনা), আব্দুস সালাম মোড়ল (নওয়াবেকী) এবং রাকিব ও সাকিব হোসেনের (নাকনা) সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

অভিযোগকারীদের দাবি, খাদিজা খাতুনের পারিবারিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে তাঁদের জমির ০.০৩ শতক অংশে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল। জমির অন্য অংশ ইজারা দেওয়া হলে ইজারাগ্রহীতারা প্রায় সাত থেকে আট বছর ধরে সেখানে চাষাবাদ ও ভোগদখল করে আসছেন। তবে বিবাদীরা ইজারাগ্রহীতাদের জমি ভোগদখলে বাধা দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে জমি নিয়ে বিরোধের একপর্যায়ে বিবাদীরা মাকসুদুর রহমান ও তাঁর স্ত্রী খায়রুন্নেছাকে শাবল দিয়ে আঘাত করেন। এতে তাঁরা রক্তাক্ত জখম হন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় অন্যদেরও ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের জানমাল ও জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে বৃহৎ কর্মসূচির প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে বৃহৎ কর্মসূচির প্রস্তুতি সভা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনে বনদস্যুদের নির্যাতন, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং বনজীবীদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বৃহৎ কর্মসূচি গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোরায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দিন লিটন।

বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবিকা ও অর্থনীতির অন্যতম প্রধান অবলম্বন। এ বনের ওপর নির্ভর করে হাজারো জেলে, বাওয়ালি ও মৌয়াল জীবিকা নির্বাহ করেন। কিন্তু বনদস্যুদের ভয় ও নির্যাতনের কারণে তাঁদের জীবিকা ঝুঁকির মুখে পড়ছে। সুন্দরবনে কাজ করতে গিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কি না, তা নিয়ে বনজীবীদের মধ্যে উদ্বেগ রয়েছে।

তাঁরা আরও বলেন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে শুধু প্রতিবাদ সভা নয়, সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

সভায় বনজীবীদের নিরাপত্তা ও বনদস্যুদের বিরুদ্ধে বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ করা এবং প্রশাসনের সহযোগিতা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ব্যক্তিরা সুন্দরবননির্ভর মানুষের জীবিকা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী শেখ নুরুল হক আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী শেখ নুরুল হক আর নেই

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ নুরুল হক নুরু (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সুলতানপুর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি মরহুম শেখ আনোয়ারুল হকের বড় পুত্র এবং দুই ছেলে, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে সাতক্ষীরার ব্যবসায়ী সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মরহুমের নামাজের জানাজা রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টায় সুলতানপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।