বৈশাখ: একটি নতুন মানচিত্রের নাম
সৌহার্দ সিরাজ
বৈশাখ: একটি নতুন মানচিত্রের নাম
ভোরের আলোটা আজ অন্যরকম
যেন বহুদিনের ধুলোবালি ঝেড়ে ফেলে
কোনো এক কারিগর নতুন করে পিকাসোর রঙে আকাশটাকে সাজিয়ে দিয়েছে
ক্যালেন্ডারের পাতায় শুরু আজ পহেলা বৈশাখ
বছর ভরে আমরা যারা জীর্ণতাকে জমিয়ে রাখি বুকের ভেতরে
এটা তাদের জন্য মুছে ফেলার দিন
এটা বাঙালি জীবনের এক নতুন মানচিত্রের নাম
এই মানচিত্রে আমরা নতুন ভাতের থালা নিয়ে বসি
কালবৈশাখী আসুক, বারবার আসুক
উড়িয়ে নিয়ে যাক সব দ্বিধা দ্বন্দ্ব পাপ হিংসা
সব না-বলা অভিমান আর মধ্য রাতের বিষণ্ণতা,
আজ উঠোনে যে আলপনা আঁকা হয়েছে
তা কেবল চালের গুঁড়োর দাগ নয়
ওটা আমাদের হাজার বছরের প্রেম
সহমরণের সাথী
লড়াই করার অঙ্গীকার
তপ্ত দুপুরে এক গ্লাস জল কিংবা বৈশাখী মেলার মাটির পুতুল—
সবই এক সুতোয় গাঁথা এক প্রাচীন শেকড়
এ যেন কবি-কল্পনার সত্য প্রকাশ
নববর্ষ মানে নিজের ভেতর আর একটা নিজেকে খুঁজে পাওয়া
যে মানুষটা লড়তে জানে
যে মানুষটা স্বপ্ন দেখে এক বৈষম্যহীন নতুন ভোরের
নববর্ষ কিংবা বৈশাখের প্রখর দিন তার জন্যেই
হে বৈশাখ প্রলয় আনো
রুদ্র হও
বারবার প্রলয় আনো
পাপাচার বিলিন হোক
বটের শ্যামল ছায়ায় ভরে যাক ক্লিষ্ট জীবন












