ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে জমি দখলের চেষ্টা, গ্রেপ্তার এক
সংবাদদাতা: জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় অজয় কুমার সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সিআর ৬৫৭/২০২৬ নম্বর মামলা রয়েছে।
আদালত পুলিশ পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, মামলাটি সাতক্ষীরার আমলি ১ নম্বর আদালতে বিচারাধীন। ওই আদালত থেকে অজয় কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাটি সাতক্ষীরা সদর থানায় পৌঁছালে মঙ্গলবার বেলা দুইটার দিকে সাতক্ষীরা আদালত চত্বর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগেও তাঁর বিরুদ্ধে একটি চেক জালিয়াতির মামলা হয়েছিল।
মামলার বিবরণ থেকে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত সুভাষ চন্দ্র সরকারের স্ত্রী লতিকা রানী সরকার বাদী হয়ে আদালতে এই মামলা করেন। মামলার আরজিতে অভিযোগ করা হয়, অজয় কুমার সরকার ২০২৫ সালের ২ মার্চ শিবপুর ইউনিয়ন পরিষদ থেকে মৃত ভীম সরকারের ছেলে অরবিন্দ কুমার সরকারের বৈধ ওয়ারিশদের তথ্য গোপন করে একটি জাল ওয়ারিশ সনদ নেন। পরবর্তী সময়ে সেই সনদ ও নামজারির কাগজপত্র ব্যবহার করে সাব-রেজিস্ট্রি অফিসে ১৪ দশমিক ৫৬ শতক জমি বিক্রির দলিল সম্পাদন করেন এবং জমি দখলের অপচেষ্টা চালান।
পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তদন্তে ওয়ারিশ সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়লে সনদটি বাতিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন, বাদী ও নিরপেক্ষ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পান। তদন্ত প্রতিবেদনে জমি দখল প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(১)(ক) এবং ৭(১), (২) ও (৩) ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়।
আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অজয় কুমারকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









