শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাইকগাছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাইকগাছা

পলাশ কর্মকার, কপিলমুনি (খুলনা): কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজ শনিবার অনুষ্ঠিত লিজেন্ড ছয় দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কপিলমুনি লিজেন্ড ক্রিকেট একাদশকে ৩৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাইকগাছা লিজেন্ড ক্রিকেট একাদশ। জাঁকজমকপূর্ণ এই ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রান সংগ্রহ করে পাইকগাছা। জবাবে ব্যাট করতে নেমে ১৫৬ রানেই অলআউট হয়ে যায় কপিলমুনি।

শনিবার দুপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাইকগাছা লিজেন্ড ক্রিকেট একাদশ। বড় পুঁজি তাড়া করতে নেমে কপিলমুনি লিজেন্ড ক্রিকেট একাদশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৬ রানে থমকে যায়। ফলে ৩৬ রানের নিয়ন্ত্রিত জয় নিয়ে মাঠ ছাড়ে পাইকগাছা।

ফাইনালে অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন পাইকগাছা লিজেন্ড ক্রিকেট একাদশের অ্যাডভোকেট মনজুরুল ইসলাম। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে সেরা উইকেট শিকারি ও সেরা রান সংগ্রাহকের জোড়া পুরস্কার জিতে নেন শরৎ সিংহ। অন্যদিকে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য সিরিজ) নির্বাচিত হন নাসিম হাজরা।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বায়ক এম আজাদ হোসেন। এ সময় স্থানীয় ক্রীড়ামোদী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

Ads small one

গ্রামবাংলার খাল-বিলে মাছ ধরার চিরচেনা দৃশ্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
গ্রামবাংলার খাল-বিলে মাছ ধরার চিরচেনা দৃশ্য

আজহারুল ইসলাম সাদী

গ্রামবাংলার প্রকৃতি মানেই সবুজের সমারোহ, আঁকাবাঁকা মেঠোপথ, গাছের ছায়া আর খাল-বিলজুড়ে পানির কলতান। বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে চারপাশের জলাশয়গুলো পানিতে ভরে ওঠে। খাল-বিলে ফুটে থাকা শাপলা-শালুকের সৌন্দর্যের সঙ্গে জেলেদের মাছ ধরার দৃশ্য গ্রামীণ জীবনে যোগ করে ভিন্ন এক মাত্রা।

গ্রামবাংলার খাল, নালা ও বিলে জাল ফেলে মাছ ধরার দৃশ্য আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মাছ ধরা শুধু জীবিকা নির্বাহ কিংবা পরিবারের খাদ্যের জোগান নয়; এটি অনেকের কাছে আনন্দ, মিলন ও পারস্পরিক সহযোগিতারও উপলক্ষ। জালভরা টেংরা, পুঁটি, কই, মাগুর, বাইনসহ নানা প্রজাতির দেশি মাছ ধরা পড়লে জেলেদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।

গ্রামাঞ্চলে মাছ ধরার রয়েছে নানা ঐতিহ্যবাহী কৌশল। কোথাও বাঁশের কাঠামোয় বসানো ভেসাল বা খারা জাল পানিতে নামিয়ে মাছ ধরা হয়। কোথাও দক্ষ হাতে ঝাঁকি জাল ছুড়ে পানির মাছ আটকে ফেলা হয়। চার কোণায় বাঁশের কাঠি লাগানো ধর্ম জাল পানিতে নামিয়ে তোলা হয়, আর ঠেলা জাল দিয়ে অগভীর পানিতে ছোট মাছ ও চিংড়ি ধরা হয়। এ ছাড়া খাল-নালায় পানির স্রোতের মুখে বাঁশের তৈরি ঘুনি ও অন্যান্য ফাঁদ পেতেও মাছ শিকার করেন গ্রামীণ মানুষ।

প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের এমন দৃশ্য গ্রামবাংলার সহজ-সরল জীবনযাত্রার পরিচয় বহন করে। আধুনিকতার ছোঁয়ায় জীবনযাত্রায় পরিবর্তন এলেও খাল-বিলে মাছ ধরার এই চিরচেনা দৃশ্য আজও গ্রামীণ ঐতিহ্য ও প্রকৃতির সৌন্দর্যকে জীবন্ত করে রেখেছে।

ছবি: সাতক্ষীরার কুলিয়া ইউনিয়নের ৮ নম্বর টিকিট গ্রামের প্রবেশদ্বারের একটি খাল থেকে মাছ ধরছেন এক জেলে।

সাতক্ষীরায় সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রাম থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সকালে ছাত্রীর মা সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছর বয়সী ওই ছাত্রী রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দুই দিন আগে বিকেলে নিজ বাড়ির সামনে থেকে জাহিদ হাসানসহ কয়েকজন তাকে অপহরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের জাহিদ হাসান, তার বাবা কলিম সরদার ছোট, কলিম সরদারের স্ত্রী রেহেনা খাতুন এবং সাতক্ষীরা সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আমিনুর সরদার ও মনা খাতুন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও দুজনকে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছাত্রীর মায়ের অভিযোগ, জাহিদ হাসান বিভিন্ন সময় তার মেয়েকে কুপ্রস্তাব দিতেন এবং ভয়ভীতি ও হুমকি দিতেন। মেয়েকে উদ্ধারের জন্য অভিযুক্তদের কাছে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ছাত্রীর মা থানায় অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।”

পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স মরিয়ম ট্রেড কর্পোরেশনের বার্ষিক রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনিসহ বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন ব্যবসায়ী অংশ নেন।

মরিয়ম ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী আলহাজ ফয়সাল মাহমুদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্টের ডেপুটি ম্যানেজার শ্যামল পাল। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র এরিয়া ম্যানেজার শাহরিয়ার সুমন, আলহাজ মরিয়ম বেগম, উপজেলা ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি এম আব্দুস সামাদ, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান মন্টু ও আলহাজ হাবিবুর রহমান।

শাহ সিমেন্টের কর্মকর্তা এসএম বায়েজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুনমুন রহমান, অ্যাডভোকেট নুসরাত জাহান উর্মি, শাহ সিমেন্টের কর্মকর্তা নিরব কুন্ডু, আশিকুজ্জামান আশিক, আব্দুর রাজ্জাক ও নাহিদ পারভেজ।

ব্যবসায়িক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মেলনে ১৩ জন সেরা ব্যবসায়ীকে মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া শাহ সিমেন্টের সহযোগিতায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

বক্তারা বলেন, গুণগত মান বজায় রাখা ও গ্রাহকদের আস্থা অর্জন শাহ সিমেন্টের দীর্ঘদিনের লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ও উন্নত উৎপাদনব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বৃহৎ অবকাঠামো থেকে ব্যক্তিগত আবাসন নির্মাণ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সিমেন্ট সরবরাহ করছে।