শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, অভিযোজন ও প্রশমন বিষয়ে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমে যুব নেতৃত্ব গড়ে তুলতে শ্যামনগরে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

লিডার্সের উদ্যোগে নিজস্ব নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণের সমাপনী হয় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৩ জন যুব অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের সাধারণ পরিষদের সদস্য শিক্ষক রনজিৎ বর্মন ও কোষাধ্যক্ষ ববিতা রানী মণ্ডল। স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ মঞ্জুরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নলেজ অ্যান্ড রিসোর্স ম্যানেজার ইন্দ্রানী রায় শুক্লা। এ সময় প্রকল্প কর্মকর্তা রনজিৎ কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের কারণ ও উপকূলীয় অঞ্চলে এর প্রভাব, অভিযোজন ও প্রশমন কৌশল, জলবায়ু ঝুঁকি হ্রাস, মানবাধিকার, জলবায়ু নেতৃত্ব ও ন্যায়বিচারসহ স্থানীয় পর্যায়ে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ উপকূলীয় অঞ্চলের যুবদের নেতৃত্ব বিকাশ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

 

Ads small one

অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেবে না সরকার: প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেবে না সরকার: প্রতিমন্ত্রী

সংবাদদাতা: অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রত্যেক মেধাবী শিক্ষার্থী যেন নিজের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়াশোনা করতে পারে, সরকার তা নিশ্চিত করতে চায়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার সরকারি হাসপাতালে সবার চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, আগামী বছরের জুনের আগে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনারি ইউনিট চালু হবে। এরপর সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও রয়েছে।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ দেলোয়ার হোসেন খান খোকন, চেম্বার অব কমার্সের সভাপতি মো. মিজানুর রহমান খান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০০টি অসহায় পরিবার ও ১০০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ আটক ১

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান মোড়ল (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রেজাকপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাকপুর গ্রামের গফফার মোড়লের ছেলে মনিরুজ্জামানকে ৬০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।

উপকূলে সুপেয় পানির তীব্র সংকট, লবণাক্ততায় নষ্ট হচ্ছে মিষ্টি পানির উৎস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
উপকূলে সুপেয় পানির তীব্র সংকট, লবণাক্ততায় নষ্ট হচ্ছে মিষ্টি পানির উৎস

সংবাদদাতা: জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও অপরিকল্পিত চিংড়ি ঘেরের কারণে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। লবণাক্ততা বেড়ে যাওয়ায় উপজেলার অধিকাংশ পুকুর, নলকূপ ও মিষ্টি পানির উৎস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপকূলের মানুষ।

প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া ও খাজরাসহ বিভিন্ন ইউনিয়নে এ সংকট প্রকট। স্থানীয়দের ভাষ্য, ঘূর্ণিঝড় আম্পান, ইয়াস ও রেমালের সময় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করায় মিষ্টি পানির পুকুরগুলো নষ্ট হয়ে যায়। পাশাপাশি ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততা ছড়িয়ে পড়ায় অনেক নলকূপের পানি পানযোগ্য থাকছে না।

সুপেয় পানির সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারীরা। পরিবারের রান্না ও দৈনন্দিন ব্যবহারের পানি সংগ্রহ করতে তাঁদের প্রতিদিন ৩ থেকে ৫ কিলোমিটার দূরে যেতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে চড়া দামে পানি কিনছেন। নিম্নআয়ের মানুষের জন্য এই ব্যয় বাড়তি চাপ তৈরি করছে।

বিশুদ্ধ পানির অভাবে অনেকে বাধ্য হয়ে দূষিত ও লবণাক্ত পানি ব্যবহার করছেন। এতে ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, সরকারি ও বেসরকারি উদ্যোগে কিছু পুকুরের বালু ফিল্টার (পিএসএফ) এবং বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক স্থাপন করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। সংকট নিরসনে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নষ্ট পুকুর পুনঃখনন এবং গ্রামভিত্তিক পর্যাপ্ত পানি শোধনাগার স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।