শ্যামনগরে ২০০ কৃষককে লবণসহিষ্ণু চাষাবাদের প্রশিক্ষণ
সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ জন নারী ও পুরুষকে লবণসহিষ্ণু কৃষি ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন অ্যাকশন’-এর উদ্যোগে এবং কানাডিয়ান দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।
গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ১৭৩ নম্বর সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প’-এর আওতায় গাবুরা ইউনিয়নের ৪টি মৌজায় মোট ৮টি ব্যাচে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাছুদুল আলম। তিনি বলেন, “ফেইথ ইন অ্যাকশন সঠিক কৃষক বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। গাবুরার প্রতিকূল পরিবেশে কৃষি সম্প্রসারণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, প্রশিক্ষণপ্রাপ্তরা বাড়িতে এর সঠিক চর্চা করবেন।”
শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে-কলমে অভিযোজন কৌশল শেখান। তিনি বলেন, উপকূলীয় এলাকায় সবজি উৎপাদন বৃদ্ধিতে এমন নিবিড় প্রশিক্ষণ কৃষকদের সক্ষমতা অনেক বাড়িয়ে দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনজুর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক এবং শিক্ষক মিলন হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস ও কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল। আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ গ্রহণকারী ২০০ জন নারী ও পুরুষকে পরবর্তী সময়ে অভিযোজন কৃষি চর্চা অব্যাহত রাখতে উন্নত মানের বীজ, জৈব সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হবে। বর্তমানে সংস্থাটি গাবুরার ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামের ২ হাজার ১৫টি পরিবার নিয়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে।






