শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

শ্যামা কালী: সৃষ্টি, শক্তি ও অশুভ বিনাশের আদ্যশক্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
শ্যামা কালী: সৃষ্টি, শক্তি ও অশুভ বিনাশের আদ্যশক্তি

সচ্চিদানন্দ দে সদয়

কার্তিক মাসের অমাবস্যা তিথি। চারদিকে ঘন অন্ধকার, আর সেই অন্ধকার দূর করতে জ্বলে ওঠে অগণিত প্রদীপ। মন্দিরে মন্দিরে শোনা যায় শ্যামাসংগীত, ধূপের গন্ধে মুখরিত হয় পূজামণ্ডপ। ভক্তদের প্রার্থনা ও আরাধনায় উদ্ভাসিত হন দেবী শ্যামা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি এভাবেই নিয়ে আসে ভক্তি, সাধনা ও আলোর বার্তা।

শ্যামা কালী বা দক্ষিণাকালী শক্তির এক বিশেষ রূপ। হিন্দুধর্মীয় দর্শনে তিনি আদ্যাশক্তি, মহামায়া ও বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল উৎস। তিনি সৃষ্টি, পালন ও সংহারের শক্তির প্রতীক। ভক্তদের বিশ্বাস, দেবী কালীর আরাধনায় জীবনের অশুভ, অন্ধকার, ভয় ও বাধা দূর হয়। তাঁর কাছে মানুষ প্রার্থনা করে সাহস, শক্তি, জ্ঞান ও কল্যাণ।

দেবী কালীর উৎপত্তি নিয়ে পুরাণে নানা কাহিনি প্রচলিত রয়েছে। দেবীমাহাত্ম্য অনুসারে, অসুরদের সঙ্গে যুদ্ধে দেবী দুর্গার ক্রোধ থেকে তাঁর ললাটে কৃষ্ণবর্ণের এক ভয়ংকর শক্তির আবির্ভাব ঘটে। সেই শক্তিই দেবী কালী। অসুরবিনাশের জন্যই তাঁর আবির্ভাব। তিনি যুদ্ধক্ষেত্রে অসুরদের পরাজিত করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেন।

রক্তবীজ বধের কাহিনি দেবী কালীর অন্যতম পরিচিত পৌরাণিক আখ্যান। রক্তবীজ নামের অসুরের বিশেষ ক্ষমতা ছিল, তার রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই সেখান থেকে আরেক অসুরের জন্ম হতো। ফলে তাকে পরাজিত করা কঠিন হয়ে পড়ে। তখন দেবী কালী ভয়ংকর রূপ ধারণ করে রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই পান করতে থাকেন। এভাবে তিনি রক্তবীজকে বধ করে দেবতাদের বিপদমুক্ত করেন। এই কাহিনি অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত।

দেবী কালীর বিভিন্ন রূপের মধ্যে শ্যামা কালী বিশেষভাবে পূজিত। বাংলার ঘরে ঘরে তিনি মা শ্যামা, আদ্যামা কিংবা মহামায়া হিসেবে পরিচিত। তাঁর গায়ের রং সাধারণত কৃষ্ণ বা নীল বর্ণের। চার হাতে থাকে খড়্গ, অসুরের ছিন্নমুণ্ড এবং বর ও অভয় মুদ্রা। গলায় মুণ্ডমালা, কোমরে কর্তিত হাতের মালা, উন্মুক্ত কেশ ও প্রসারিত জিহ্বা তাঁর পরিচিত প্রতীকী রূপ। তাঁর পদতলে শায়িত থাকেন দেবাদিদেব মহাদেব।

পুরাণের একটি কাহিনি অনুসারে, অসুরবিনাশের পর দেবী কালী ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। তাঁর প্রলয়ংকরী নৃত্যে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের আশঙ্কা দেখা দিলে দেবতারা তাঁকে থামাতে ব্যর্থ হন। তখন শিব তাঁর চলার পথে শুয়ে পড়েন। শিবের বুকে পা পড়তেই দেবী নিজের স্বামীকে চিনতে পেরে বিস্মিত ও লজ্জিত হন। তিনি জিহ্বা বের করে ফেলেন। কালীর এই রূপে শক্তি ও চেতনার এক গভীর দার্শনিক ব্যাখ্যা রয়েছে। শক্তি ও শিব পরস্পরের পরিপূরক—এই ভাবনাও এর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে।

হিন্দুধর্মীয় দর্শনে কালীকে দশমহাবিদ্যার অন্যতম প্রধান দেবী হিসেবে মানা হয়। শাক্ত ও তান্ত্রিক সাধনায় তাঁর বিশেষ স্থান রয়েছে। শ্মশানকালী, দক্ষিণাকালী, মহাকালী, ভদ্রকালী, তারা ও চামুণ্ডা—বিভিন্ন নামে ও রূপে তিনি পূজিত হন। তবে বাংলায় শ্যামা কালী বা দক্ষিণাকালীর মাতৃরূপের আরাধনা বিশেষ জনপ্রিয়।

দুর্গাপূজার বিজয়ার পর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। এই রাতেই উদযাপিত হয় দীপাবলি বা দীপান্বিতা উৎসব। অমাবস্যার ঘন অন্ধকারে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে মানুষ অন্ধকারের ওপর আলোর, অজ্ঞতার ওপর জ্ঞানের এবং অশুভের ওপর শুভশক্তির বিজয় কামনা করে।

দীপাবলি শুধু আলোকসজ্জার উৎসব নয়; এর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক ও ধর্মীয় বিশ্বাস। রামায়ণের কাহিনি অনুসারে, চৌদ্দ বছরের বনবাস শেষে রাবণকে পরাজিত করে শ্রীরাম যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন নগরবাসী প্রদীপ জ্বালিয়ে তাঁকে স্বাগত জানিয়েছিল। সেই আনন্দ থেকেই দীপ জ্বালানোর ঐতিহ্যের একটি প্রচলিত ব্যাখ্যা পাওয়া যায়।

আবার বিষ্ণুপুরাণের কাহিনিতে বামন অবতারের মাধ্যমে অসুররাজ বলিকে পাতালে পাঠানোর কথা রয়েছে। দীপাবলির সঙ্গে এই কাহিনিরও যোগসূত্র রয়েছে। বিভিন্ন অঞ্চলে দীপাবলি উদযাপনের পেছনে ভিন্ন ভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আখ্যান প্রচলিত।

বাংলার অনেক পরিবারে দীপাবলির রাতে পূর্বপুরুষদের স্মরণে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। তাঁদের আত্মার শান্তি কামনায় বাড়ির আঙিনা, মন্দির ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করা হয়। কোথাও কোথাও বাঁশের মাথায় প্রদীপ বসিয়ে আলো জ্বালানোর ঐতিহ্যও দেখা যায়।

কালীপূজা মূলত শক্তির আরাধনা। তবে এই শক্তি কেবল অসুরবিনাশের প্রতীক নয়; অন্যায়, অবিচার, হিংসা, লোভ, অহংকার ও অজ্ঞতার বিরুদ্ধে মানুষের নৈতিক শক্তিরও প্রতীক। দেবী কালীর মাতৃরূপ মানুষকে সাহস ও আশ্রয়ের কথা স্মরণ করিয়ে দেয়।

তন্ত্রশাস্ত্রে পঞ্চমকারের যে ব্যাখ্যা রয়েছে, তার অন্তর্নিহিত আধ্যাত্মিক তাৎপর্যও বিশেষভাবে আলোচিত। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুনের আক্ষরিক অর্থের বাইরেও আত্মসংযম, ইন্দ্রিয়জয়, সাধনা এবং জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীকী ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আত্মশুদ্ধি ও আত্মোপলব্ধির গুরুত্ব প্রকাশ পায়।

ধর্মীয় উৎসবের প্রকৃত শিক্ষা হওয়া উচিত মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা, সহিষ্ণুতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করা। অন্ধকার দূর করতে যেমন একটি প্রদীপই যথেষ্ট, তেমনি সমাজের অন্যায় ও অমানবিকতা দূর করতে প্রত্যেক মানুষের বিবেক, সততা ও মানবিকতার আলো প্রয়োজন।

শ্যামাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজার সূচিতে থাকে দেবীর আবাহন, বাল্যভোগ, পূজা-অর্চনা, ভোগ নিবেদন, প্রসাদ বিতরণ, শ্যামাসংগীত, ভক্তিমূলক গান, ধর্মীয় আলোচনা, চণ্ডীপাঠ ও প্রদীপ প্রজ্বালন। মধ্যরাতে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী শ্যামা মায়ের মহাপূজা।

এদিন ভক্তরা দেবীর কাছে পরিবার-পরিজনের মঙ্গল, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বমানবতার শান্তির জন্যও প্রার্থনা করা হয়।

শ্যামা কালী সৃষ্টির আদ্যাশক্তির প্রতীক। তাঁর আরাধনা মানুষকে মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, আলোর সম্ভাবনা কখনো শেষ হয় না। অন্যায় যত শক্তিশালীই হোক, শুভশক্তির জয়ই চিরন্তন প্রত্যাশা। তাই শ্যামাপূজা ও দীপাবলির মূল বাণী হোক—অশুভের বিনাশ, শুভবোধের জাগরণ এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা।

লেখক: সংবাদকর্মী

Ads small one

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে প্রায় ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ও শুক্রবার (৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদরা বিওপির অভিযানে ভাদিয়ালি ও বরালি এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ৯ হাজার টাকা মূল্যের মদ জব্দ করা হয়। ভোমরা বিওপির অভিযানে মন্দির মোড় এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৈকারী বিওপির অভিযানে বৈকারীপাড়া মোড় থেকে একজনকে আটক করা হয়। এ সময় ৭ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা মূল্যের ভারতীয় গাঁজা, একটি বাইসাইকেল এবং একটি গ্রামীণ সিমকার্ডসহ মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া কাকডাঙ্গা বিওপির অভিযানে কেড়াগাছি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, চারটি অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ৪ লাখ ৯৬ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার অভিযোগে সেগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ব্রহ্মরাজপুরে নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী পথসভা

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের মাছখোলা ক্লাব মোড়ে ইউনিয়নবাসীর উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম বিল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।

বক্তব্যে নুরুল ইসলাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার করেন। এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরে আলম সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তোজাম্মেল হক তোজাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আকবর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আনারুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, ওসমান গনি মিন্টু ও অজিয়াউর রহমান এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা আজিজুর রহমান ও ইউনিয়ন পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল হাকিম।

বক্তারা আসন্ন নির্বাচনে অ্যাডভোকেট নুরুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পথসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বাগআঁচড়ায় পারিবারিক বিরোধে ধর্ষণচেষ্টার অভিযোগ, তদন্তে সত্যতা পায়নি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
বাগআঁচড়ায় পারিবারিক বিরোধে ধর্ষণচেষ্টার অভিযোগ, তদন্তে সত্যতা পায়নি পুলিশ

বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়া গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার অভিযোগ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শার্শা থানায় পৃথক অভিযোগ জমা পড়েছে। তবে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্ত করে এর সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগকারী আজমল হোসেন ইমনের দাবি, নানার বাড়ির সম্পত্তি ভাগ-বণ্টন নিয়ে বিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারকে হয়রানি করা হচ্ছে। তাঁর অভিযোগ, মামা বিদেশে থাকার সুযোগে তাঁর খালা ও খালাতো বোন নিজেদের পছন্দমতো জমিতে ঘর নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় তাঁরা গত ১ নভেম্বর যশোর প্রেসক্লাবে তাঁর পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এরপর ২ নভেম্বর তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ইমন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় থানায় দুটি পৃথক অভিযোগ জমা পড়েছে। উভয় পক্ষকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, ইমনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার যে অভিযোগ উঠেছিল, তা সরেজমিনে তদন্ত করা হয়েছে। তবে তদন্তে ধর্ষণচেষ্টার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।