সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার শেষে চালুর পথে নলতা কে বি আহছানউল্লা ফিলিং স্টেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
সংস্কার শেষে চালুর পথে নলতা কে বি আহছানউল্লা ফিলিং স্টেশন

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন সংস্কার কাজের জন্য বন্ধ থাকার পর অবশেষে চালুর অপেক্ষায় রয়েছে সাতক্ষীরার নলতা এলাকার গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ কেন্দ্র ‘নলতা কে বি আহছানউল্লা ফিলিং স্টেশন’। আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকায় আগামী সপ্তাহেই এটি পুনরায় চালু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নলতা ও এর আশপাশের এলাকার কয়েক হাজার গ্রাহক এই ফিলিং স্টেশনের ওপর নির্ভরশীল। এটি দীর্ঘদিন বন্ধ থাকায় স্থানীয় মোটরসাইকেল চালক, কৃষক ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছিলেন। জ্বালানি তেলের জন্য তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে কালিগঞ্জ উপজেলা সদর কিংবা সাতক্ষীরা শহরের পাম্পগুলোতে যেতে হতো।

স্থানীয় এক ভুক্তভোগী বলেন, “নলতা পাম্পটি বন্ধ থাকায় গভীর রাতেও দূরবর্তী পাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হয়েছে। এতে চাষাবাদ ও যাতায়াতে অনেক সমস্যা হচ্ছিল।”

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে পাম্পটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে তেল সরবরাহ শুরু করা হবে।

পাম্পটি পুনরায় চালুর খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও যানবাহন চালকদের আশা, আগামী সপ্তাহের মধ্যে এটি চালু হলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। বিশেষ করে বোরো মৌসুম ও পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

 

 

 

 

 

Ads small one

সাতক্ষীরায় জেলি পুশ করা চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় জেলি পুশ করা চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলি পুশ করা বিপুল পরিমাণ বাগদা চিংড়ি জব্দের পর এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এ ঘটনায় সোহরাব হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ফিংড়ি এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি ১৪ কার্টন জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। আটক সোহরাব হোসেন সাতক্ষীরা শহরের কুকরালি এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু জানান, জেলি পুশ করা চিংড়ি পাচারের খবর পেয়ে ফিংড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চিংড়িবোঝাই ট্রাকসহ সোহরাব হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। তিনি আরও জানান, জব্দ চিংড়ির বাজারমূল্য প্রায় এক লাখ ৮৯ হাজার টাকা। চিংড়িগুলো ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।

তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

সংবাদদাতা: জাতীয় ছাত্রশক্তির তালা উপজেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহ্ জালাল আহমেদ রুমিকে আহ্বায়ক ও মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদ। মুখ্য সংগঠক হিসেবে মেহেদী হাসান এবং সংগঠক হিসেবে মো. শাকিল ও মো. আব্দুল্লাহ শেখ দায়িত্ব পেয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হাসান ফরমান ও সদস্য সচিব বখতিয়ার হোসেন কমিটির অনুমোদন দেন। মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলামের সুপারিশে অনুমোদিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

খুলনা সংবাদদাতা: সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে অংশ নিতে গিয়ে হরিণ শিকারের ফাঁদ পাতার অভিযোগে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকার কুতুবখালী বনাঞ্চলে টহলের সময় এ ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাস রায়ের ছেলে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পাঁচজনের একটি দল দুবলারচরের রাস উৎসবে অংশ নিতে এসে কুতুবখালী বনে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অবস্থান করছিল। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বিশ্বজিৎকে আটক করা হয়। অন্য চারজন বনের মধ্যে পালিয়ে যান।
আটক ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতকদের আটক ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে সুন্দরবনে তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।