সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে হেনস্থা ও হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনকে অবরুদ্ধ করে হেনস্থা ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুলের বিরুদ্ধে। সোমবার (২২ জুন) বেলা ১২টার দিকে বিদ্যালয় পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আজহারুজ্জামান মুকুল বল্লী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।
শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, বিধি মোতাবেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জন্য শিক্ষক প্রতিনিধি নির্বাচন করতে তিনি ওই বিদ্যালয়ে যান। সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুকুল তাঁর ওপর নির্দিষ্ট একজনকে প্রতিনিধি করার জন্য চাপ সৃষ্টি করেন। শিক্ষা কর্মকর্তা সবার মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচনের কথা বললে শিক্ষক মুকুল ক্ষিপ্ত হয়ে তাঁকে হেনস্থা ও হুমকি দেন। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন না করেই শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় ত্যাগ করেন।
স্থানীয় অভিভাবক আব্দুল গনি জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং কিছুদিন আগে প্রায় ৪০ দিন কারাভোগের পর জামিনে এসে তিনি জোরপূর্বক দায়িত্ব পালন করছেন। বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি মন্টু এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, একাধিকবার জেল খাটলেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা না নেওয়া দুঃখজনক।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আজহারুজ্জামান মুকুলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর যোগাযোগ করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত জানান, সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া আইনবিরোধী। বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









