শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি “আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা” এবং “দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা” সহ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ নাসির উদ্দীন।

সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের ন্যায়সংগত নানা অধিকার ও দাবি উপেক্ষিত হয়ে আসছে। দাবি আদায়ের জন্য তাদের এ সমাবেশ।

বক্তরা ৭দফা দাবি তুলে ধরেন। এসব দাবীর মধ্যে রয়েছে, আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করতে হবে। লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তি দলিল লেখা বা মুসাবিদা করতে পারবে না বা দলিল রেজিস্ট্রির জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন কোন লাইসেন্স প্রদান না করা।

সরকারি খরচে রেজিস্ট্রি অফিস কম্পাউন্ডে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করতে হবে। দলিল লেখা বা মুসাবিদা করার কারণে দলিল লেখকদের আসামি করে কোন মামলা করা যাবে না।

দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখক সহ সমিতির শীর্ষ নেতৃত্ব এবং ৭ দফা দাবি আদায় সংগ্রাম কমিটির নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জেলার সকল দলিল লেখকদেরকে একত্রিত থাকার আহ্বান জানান এবং সমাবেশ সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Ads small one

কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান আল মুস্তাসীম বিল্লাহ সজল। সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অত্র উপজেলায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী বাঐডাংগা ব্রজলাল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বৈশাখী খাতুন। দ্বিতীয় স্থান অর্জনকারী নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অভিজিৎ দেবনাথ এবং লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষার্থী জয়ীতা দাম দিশাকে দক্ষিণ কোরিয়া প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব জাহাঙ্গীর আলমের সৌজন্যে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া সমাজের দায়িত্ব। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শুধু তাদের অর্জনকে সম্মানিত করে না, বরং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, নৈতিক মূল্যবোধ গঠন এবং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে খান আল মুস্তাসীম বিল্লাহ সজল বলেন, “ফকিরহাট উপজেলার কৃতি শিক্ষার্থীদের সাফল্য পুরো এলাকার জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি প্রদান এবং তাদের উৎসাহিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমি শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করছে।”

সহ-সভাপতি শেখ মীজানুর রহমান বলেন, “কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক প্রণোদনা প্রদান একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির ক্রীড়া সম্পাদক মল্লিক আবু মুছা, সাংগঠনিক সম্পাদক শিবনাথ রায়, অর্থ সম্পাদক মুছা কালিমুল্লাহ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক রেজীনা আক্তার, প্রচার সম্পাদক মান্না দে, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ আলী, সমাজ কল্যাণ সম্পাদক শেখ আল ইমরান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রামীম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রিমি রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইনামুল হক সবুজ, সাংস্কৃতিক সম্পাদক সমীরণ রায় এবং মহিলা বিষয়ক সম্পাদক বাসন্তী রায় প্রমূখ।

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে ওষুধ স্প্রে শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে ওষুধ স্প্রে শুরু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে মশা ও লার্ভা নিধনে ছিটানো হচ্ছে ওষুধ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ফলতিতা মৎস্য আড়তের বিভিন্ন গর্ত, ড্রেন সহ বিভিন্ন স্থানে লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু, মূলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মাসুদুল ইসলাম, সাধারন সম্পাদক খান আরিফুজ্জামান পিন্টু, সাংগঠনিক সম্পাদক সুব্রত গোলদার শুভ, বিএনপি নেতা মোড়ল সাইফুল ইসলাম, মো: কামরুজ্জামান কাম, মো: আফজাল হোসেন, যুবদল নেতা বাধন, ছাত্রদল নেতা সাবিতুল ইসলাম, সাগর, মো: সোহেল, স্বেচ্ছাসেক দলের নেতা ওবাইদুল্লাহ, হাসান, জাওয়াদ, সৈয়দ শাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া এদিন সকাল ৯টায় ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ২নং ওয়ার্ড মানসা এলাকায় বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ওষুধ ছিটানো শুরু হয়েছে। এসময় অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সোহেল রানা ও স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, আহত ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
কলারোয়ায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, আহত ৩

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় পূর্বশত্রুতার জেরে এক বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এতে নারীসহ অন্তত তিনজন রক্তাক্ত জখম হয়েছেন। এই ঘটনায় কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২০৪, তারিখ: ৪/৭/২০২৬) করা হয়েছিল।

অভিযোগ সূত্রে জানা গেছে, কেরালকাটা এলাকার বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতার পরিবারের সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

প্রতিবাদে এগিয়ে এলে বাদী মোছাঃ জিনিয়া আফরিন মৌ (১৮) কে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়। এ সময় তার প্রতিবেশী চাচা আবু সাইদ (৩০) উদ্ধার করতে এগিয়ে এলে বিবাদীরা লোহার স্টিক দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। বাধা দিতে গেলে বাদীর মাকেও মারপিট করে ফুলা জখম করা হয়।

এ ছাড়া হামলাকারীরা ব্যবসায়ী মোঃ ইনারুল ইসলামের (৩২) একটি চায়ের দোকান ভাঙচুর করে ক্যাশ বাক্সে থাকা নগদ ১২ হাজার টাকা এবং ঘর থেকে ওয়ার্ডরোব ও বাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় ও সাক্ষীরা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আবু সাইদ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।