ধুলিহর বড়দলে জমি নিয়ে বিরোধে গাছ কাটার অভিযোগ, নারীকে দা ধরে হত্যার হুমকি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে ফেলা ও এক নারীকে গলায় দা ধরে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. জামসেদ (৪৮) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রের খবর, প্রতিবেশী মো. সিদ্দিক, তাঁর ছেলে ইকবাল হোসেন ও স্ত্রী সেলিনা খাতুনের সঙ্গে জামসেদের ১৫ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ১৬ সেপ্টেম্বর অভিযুক্তরা জমি থেকে গাছ কেটে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করেন বলে দাবি জামসেদের। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর সকালে জামসেদের স্ত্রী খালেদা খাতুনকে একা পেয়ে মারধর ও ইকবাল দা উঁচু করে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তবে অভিযুক্ত ইকবাল হোসেন দখলের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সীমানা দেখা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে চড় মারা হলে তিনি হাতে থাকা দা উঁচু করেছিলেন মাত্র, কাউকে হত্যার হুমকি দেননি। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।












