রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে সাইবার অপরাধবিরোধী সচেতনতা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে সাইবার অপরাধবিরোধী সচেতনতা সভা

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, সাইবার অপরাধ রোধ এবং অনলাইনে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল জানাতে সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম’। জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি ও সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের যৌথ উদ্যোগে বিদ্যালয় হলরুমে এই সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কান্তি শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক মিজানুর রহমান শরীফ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সভাপতি শেখ মাহবুবুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ ন ম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা এবং ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক।

সভায় বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিক্ষার্থীদের নিরাপদ অনলাইন উপস্থিতি নিশ্চিত করার নানা কৌশল ও সচেতনতামূলক দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ইন্টারনেটের সঠিক ব্যবহার ও অপব্যবহার, সাইবার বুলিং, ফিশিং, অনলাইন ব্ল্যাকমেল, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং ছবি বা ভিডিওর অপব্যবহার রোধের বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি সাইবার অপরাধের আইনগত ব্যবস্থা ও সংশ্লিষ্ট শাস্তি সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান যুগে প্রযুক্তি ও ইন্টারনেট শিক্ষা অর্জন এবং দক্ষতা বৃদ্ধির অন্যতম বড় মাধ্যম। তবে অসচেতনভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন, ব্যক্তিগত তথ্য কিংবা স্পর্শকাতর ছবি ও ভিডিও শেয়ার এবং সন্দেহজনক লিংকে প্রবেশের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিনিয়ত সাইবার অপরাধের শিকার হতে পারে।

এ সময় শিক্ষার্থীদের অ্যাকাউন্ট সুরক্ষায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন (দ্বিস্তরের নিরাপত্তা) চালু রাখা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং সন্দেহজনক লিংকে প্রবেশ না করার ওপর জোর দেওয়া হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, কেউ সাইবার হয়রানি, ব্ল্যাকমেল বা অনলাইন প্রতারণার শিকার হলে ভয় বা লজ্জায় তা গোপন রাখা উচিত নয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত অভিভাবক, শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পরামর্শ দেওয়া হয়, যেন সময়মতো প্রয়োজনীয় সহায়তা ও আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “ভয় নয়, সচেতনতায় জয়”Ñএই বার্তাকে ধারণ করে তরুণ প্রজন্মকে সাইবার অপরাধের হাত থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বুলু শেখ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সদস্যরা। সভায় বিদ্যালয়টির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Ads small one

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশাশুনি উপজেলা সদর ও প্রতাপনগর ইউনিয়নে গণসংযোগ করা হয়েছে।

রোববার বিকেলে আশাশুনি সদর ইউনিয়নে গণসংযোগ শেষে আশাশুনি বাজার জামে মসজিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ নেতা-কর্মীরা।

এর আগে শনিবার বিকেলে প্রতাপনগর বাজারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের নেতৃত্বে অপর একটি গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে জামায়াতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

সুন্দরবনের বড় অংশ কয়রায়, তবুও মিলেনি পর্যটনের স্বীকৃতি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
সুন্দরবনের বড় অংশ কয়রায়, তবুও মিলেনি পর্যটনের স্বীকৃতি

জিএম রিয়াজুল আকবর, কয়রা (খুলনা): তিন পাশ দিয়ে বয়ে গেছে কয়রা নদী, ওপারে ম্যানগ্রোভ বন সুন্দরবন। নদীর তীরে দাঁড়ালেই ভেসে আসে পাখির কলতান, বন্য প্রাণীর ডাক কিংবা নদীর পানির ছলাৎ ছলাৎ শব্দ। খুলনার কয়রা উপজেলার সুন্দরবনঘেঁষা মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামটি যেন প্রকৃতিপ্রদত্ত এক পর্যটনকেন্দ্র। শুধু এই গ্রামই নয়, পুরো কয়রা জেড়েই রয়েছে পরিবেশবান্ধব পর্যটনের বিশাল সম্ভাবনা। অথচ দেশের পর্যটন মানচিত্রে এখনও অলক্ষিত রয়ে গেছে এই জনপদ।

কয়রা উপজেলায় সুন্দরবনের সবচেয়ে বড় অংশ যুক্ত থাকলেও এখানে গড়ে ওঠেনি পর্যটনকেন্দ্রিক মৌলিক অবকাঠামো। মানসম্মত আবাসন, কটেজ বা পর্যাপ্ত রেস্তোরাঁ না থাকায় দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের দিনশেষে ফিরে যেতে হয় খুলনা শহর বা অন্যান্য এলাকায়।

অথচ সুন্দরবনের পাশাপাশি কয়রায় ছড়িয়ে আছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। সুলতানি আমলের বিখ্যাত ‘মসজিদকুঁড় মসজিদ’, রাজা প্রতাপাদিত্যের স্মৃতিচিহ্ন, প্রাচীন দিঘি ও নানা ঐতিহাসিক স্থান এ অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি করেছে। প্রতিবেশী পাইকগাছার রাড়ুলিতে অবস্থিত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত বাসভবন যুক্ত করে এখানে একটি আকর্ষণীয় ‘ট্যুরিজম সার্কিট’ গড়ে তোলার সুযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা ও অধিকারকর্মীদের মতে, পরিকল্পিত ইকোট্যুরিজম চালু করা গেলে সুন্দরবনের পরিবেশ রক্ষা পাওয়ার পাশাপাশি স্থানীয় নদীভাঙনকবলিত মানুষের জন্য আয়ের নতুন পথ উন্মোচিত হবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ২০২১ সালে দক্ষিণ বেদকাশীর গোলখালী এলাকায় পর্যটনকেন্দ্র নির্মাণের জন্য ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু বনাঞ্চলের আইনি জটিলতায় পরবর্তীতে কয়রা সদর ইউনিয়নের কেওড়াকাটা এলাকায় স্থান পরিবর্তন করা হয়। তবে তিন বছর পেরিয়ে গেলেও কাজ থমকে আছে।

কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আফজাল হোসেন জানান, স্থান পরিবর্তনের জটিলতা কাটিয়ে পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। তবে ঠিকাদারের বকেয়া বিল না পাওয়ায় বর্তমানে নির্মাণকাজ সাময়িক বন্ধ রয়েছে।

 

সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ৫৫তম জন্মবার্ষিকী পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ৫৫তম জন্মবার্ষিকী পালন

সহকর্মীদের ভালোবাসায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি পালন করা হয়।

শেখ রেজাউল ইসলাম বাবলু ১৯৭১ সালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি শেখ আবদুল বারীর মেজ ছেলে। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খবর বাংলাদেশ’-এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাতক্ষীরা প্রেসক্লাবের অন্যতম সদস্য। অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুনসহ সহ-সভাপতি, সংগঠনিক সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সহকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। প্রেসবিজ্ঞপ্তি