সীমান্তে বিজিবির অভিযানে পৌনে দুই লাখ টাকার মালামাল আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) দিনভর পরিচালিত এসব অভিযানে শাড়ি, মোবাইল ফোনের পার্টস এবং মাদকসহ প্রায় ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকার মালামাল উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ কাকডাঙ্গা, ভোমরা ও মাদরা বিওপির সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে বিজিবির একটি টহল দল। সীমান্ত পিলার ১৩/৩-এস হতে প্রায় ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান চালানো হয়। কলারোয়ার রাজপুর নামক স্থানে অভিযান চালিয়ে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের টাচ স্ক্রিন জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বাঁশকল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ আটক করা হয়।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এসব চোরাচালানের ফলে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।








