মানবিক সংহতি ও শরণার্থী সংকট: একটি সমন্বিত বিশ্বদৃষ্টিভঙ্গি
সাকিবুর রহমান বাবলা
২০ জুন, ‘বিশ্ব শরণার্থী দিবস’। আজকের এই দিনটি বিশ্ববিবেকের কাছে এক গভীর সংবেদনশীল অনুভূতি নিয়ে আসে। ২০২৬ সালের প্রতিপাদ্য—‘শরণার্থীদের প্রতি সংহতি’Ñআমাদের স্পষ্ট বার্তা দেয় যে, কেবল সহানুভূতি প্রদর্শনই যথেষ্ট নয়; বরং যুদ্ধ, নিপীড়ন, ধর্মভিত্তিক, জাতিগত, ভূ-রাজনৈতিক সহিংসতা, জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে বাস্তুচ্যুত কোটি মানুষের অধিকার রক্ষায় প্রয়োজন কার্যকর ও সাহসী পদক্ষেপ।
বাংলাদেশ এই মানবিক সংকট ও সংহতির ইতিহাসের সাথে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় লাখো বাংলাদেশি প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েছিল। সেই দুঃসহ অভিজ্ঞতার আলোকে আজ বাংলাদেশ রোহিঙ্গা সংকটের মতো একটি জটিল মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রাষ্ট্রের ভূ-রাজনৈতিক সীমাবদ্ধতা, সীমিত সম্পদ ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও বাংলাদেশ কেবল জরুরি ত্রাণই দিচ্ছে না, বরং আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপত্তা ও মিয়ানমারে তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ প্রশস্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে। এটি কেবল একটি মানবিক সাহায্য নয়, বরং জাতীয় ও আঞ্চলিক এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার সাথেও গভীরভাবে সম্পর্কিত।
দীর্ঘমেয়াদী শরণার্থী সংকটে স্থানীয় জনগোষ্ঠীর সাথে আশ্রিতদের একটি সামাজিক মিথস্ক্রিয়া তৈরি হয়। রাষ্ট্রকে একদিকে আইনের শাসন, স্থানীয়দের অধিকার ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হয়, অন্যদিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে শরণার্থীদের ন্যূনতম মর্যাদা নিশ্চিত করার চ্যালেঞ্জ নিতে হয়। ভবিষ্যতে শরণার্থীদের আইনি সুরক্ষা ও সুষ্ঠু অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে একটি শক্তিশালী আঞ্চলিক কাঠামো গড়ে তোলা অপরিহার্য।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও একটি বিশেষ দায়িত্ববোধ কাজ করে। তারা যেন স্বাগতিক দেশের আইনের প্রতি যথার্থ শ্রদ্ধাশীল থেকে কর্মদক্ষতা ও ইতিবাচক সংস্কৃতির মাধ্যমে অবদান রাখতে পারেন, সেটিই কাম্য। কারণ, একজন প্রবাসীর সুশৃঙ্খল আচরণ কেবল তার নিজের নয়, বরং পুরো জাতির ভাবমূর্তিকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করে।
পরিশেষে, শরণার্থী সংকটের মূল সমাধান কেবল দান বা আশ্রয়ে সীমাবদ্ধ নয়; বরং এর স্থায়ী সমাধান নিহিত রয়েছে সংঘাত নিরসন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং প্রতিটি মানুষের মর্যাদা রক্ষার বৈশ্বিক রাজনৈতিক সদিচ্ছার ওপর। শরণার্থী কোনো ‘শব্দ’ নয়, বরং তারা আমাদের একই সৃষ্টি কর্তার সৃষ্টি স্বপ্নদ্রষ্টা মানুষ। তাই সম্মিলিত মানবিক প্রচেষ্টাতেই সম্ভব একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ নিজ ভূমিতে সম্মানের সাথে বেঁচে থাকার নিশ্চয়তা পায়। এটাই হোক বিশ্ব শরণার্থী দিবসের অঙ্গীকার।












