সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এসি সার্ভিসিংয়ের পরেও ঠান্ডা হচ্ছে না ঘর, কারণ কী?

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
এসি সার্ভিসিংয়ের পরেও ঠান্ডা হচ্ছে না ঘর, কারণ কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এসি সার্ভিসিংয়ের পরও অনেক সময় দেখা যায় ঠিকমতো ঘর ঠান্ডা হচ্ছে না বা বাতাস দিচ্ছে না। মনে রাখবেন, শুধু সাধারণ পরিষ্কার-পরিচ্ছন্নতাই সব সমস্যার সমাধান নয়; এর পেছনে অনেক সময় ভেতরের গুরুত্বপূর্ণ অংশে ত্রুটি থাকতে পারে।
বিশেষ করে কুলিং কয়েল ঠিকভাবে কাজ না করলে পুরো কুলিং সিস্টেমই দুর্বল হয়ে পড়ে। সময়মতো সমস্যা শনাক্ত না করলে পরে গ্যাস লিক বা বড় ধরনের রিপেয়ার খরচের ঝুঁকি তৈরি হতে পারে।

> কুলিং কয়েলের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ?
এসি সিস্টেমে কুলিং কয়েল মূলত তাপ আদান-প্রদানের কেন্দ্রীয় অংশ হিসেবে কাজ করে। এই অংশে ধুলা জমা, মরিচা ধরা বা ক্ষতি হলে ঠান্ডা করার ক্ষমতা অনেকটাই কমে যায়। তাই সার্ভিসিং করার পরও যদি এসি ঠিকভাবে ঠান্ডা না করে, অনেক সময় এই কয়েলই মূল কারণ হতে পারে।

কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন সমস্যা আছে?
যদি দেখা যায় এসি শুধু বাতাস দিচ্ছে কিন্তু ঠান্ডা কম, ইনডোর ইউনিটে বরফ জমছে, পানি টপটপ করে পড়ছে বা অস্বাভাবিক গন্ধ বের হচ্ছে তাহলে বুঝতে হবে ভেতরের কয়েল বা কুলিং সিস্টেমে সমস্যা রয়েছে। একই সঙ্গে এয়ারফ্লো দুর্বল হয়ে যাওয়া বা বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়াও সতর্ক সংকেত হতে পারে।

সমাধানের উপায় কী কী হতে পারে?
অনেক ক্ষেত্রে ডিপ ক্লিনিং করলে সমস্যা কমে যেতে পারে, যার খরচ তুলনামূলকভাবে কম। ধুলা বা হালকা ব্লকেজ থাকলে পেশাদারভাবে পরিষ্কার করলে কুলিং আবার স্বাভাবিক হতে পারে।

মেরামত বা পরিবর্তনের প্রয়োজন হলে কী হয়?
যদি কয়েলে ছোটখাটো লিক বা ক্ষতি থাকে, তাহলে রিপেয়ার করে ঠিক করা যায়, তবে এতে খরচ কিছুটা বেশি হতে পারে। কিন্তু যদি কয়েল বেশি ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটি বদলানোর প্রয়োজন পড়ে, যা তুলনামূলকভাবে ব্যয়বহুল হতে পারে।

এসি ভালো রাখতে কী করবেন?
নিয়মিত সার্ভিসিং করা খুব জরুরি, বিশেষ করে গরমের মৌসুম শুরুর আগে। প্রতি মাসে ফিল্টার পরিষ্কার রাখা, খুব নিচু তাপমাত্রায় দীর্ঘ সময় না চালানো এবং ভোল্টেজ সমস্যা এড়াতে স্ট্যাবিলাইজার ব্যবহার করা এসির আয়ু বাড়াতে সাহায্য করে।

Ads small one

তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

সংবাদদাতা: জাতীয় ছাত্রশক্তির তালা উপজেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহ্ জালাল আহমেদ রুমিকে আহ্বায়ক ও মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদ। মুখ্য সংগঠক হিসেবে মেহেদী হাসান এবং সংগঠক হিসেবে মো. শাকিল ও মো. আব্দুল্লাহ শেখ দায়িত্ব পেয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হাসান ফরমান ও সদস্য সচিব বখতিয়ার হোসেন কমিটির অনুমোদন দেন। মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলামের সুপারিশে অনুমোদিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

খুলনা সংবাদদাতা: সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে অংশ নিতে গিয়ে হরিণ শিকারের ফাঁদ পাতার অভিযোগে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকার কুতুবখালী বনাঞ্চলে টহলের সময় এ ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাস রায়ের ছেলে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পাঁচজনের একটি দল দুবলারচরের রাস উৎসবে অংশ নিতে এসে কুতুবখালী বনে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অবস্থান করছিল। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বিশ্বজিৎকে আটক করা হয়। অন্য চারজন বনের মধ্যে পালিয়ে যান।
আটক ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতকদের আটক ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে সুন্দরবনে তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।

সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

সংবাদদাতা: সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত যৌথসভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু।

বক্তারা বলেন, একজন সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর এ ধরনের হামলা নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সদস্য জি এম রুস্তম আলী, মো. আব্দুর রশিদ, মো. আল-আমিন হোসেন, মো. ইয়াসিন আলম, মো. তৌহিদুর রহমান, লিটন আহমেদ, রাজু, ফজলুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. আক্তার হোসেন, পরিতোষ বৈদ্য, মো. আশিকুজ্জামান লিমন, মো. আব্দুর রাকিব, মো. আব্দুল্লাহ আল মামুন, দীপক মিস্ত্রি, মো. আয়ুব আলীসহ অনেকে।