সচেতনতার পাঠ নিল দ্য পোলস্টার স্কুলের শিক্ষার্থীরা
সাতক্ষীরার দ্য পোলস্টার পৌর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) দিনভর অনুষ্ঠিত হলো মানবাধিকার, জেন্ডার সংবেদনশীলতা ও সামাজিক সচেতনতামূলক এক বিশেষ কর্মশালা ও স্টাডি সার্কেল সভা। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’-এর আয়োজনে একদল শিক্ষার্থী অংশ নিল এই সৃজনশীল কার্যক্রমে।
সকাল ১০টায় শুরু হয় বিদ্যালয় নাট্যদলের (বিনাদ) সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা। এতে মানবাধিকার রক্ষা, জেন্ডার সংবেদনশীলতা এবং শিশুর প্রতি যৌন নিপীড়ন প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে কীভাবে সামাজিক সমস্যার প্রতিবাদ করা যায়, সেই কৌশলগুলো হাতে-কলমে শেখে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনামি কৃষ্ণ মন্ডল ও সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা। তাঁরা শিক্ষার্থীদের এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব বুঝিয়ে বলেন।
দিনের দ্বিতীয় অংশে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় স্টাডি সার্কেল সভা। নাট্যদলের ২৫ জন সদস্যের এই আড্ডায় উঠে আসে সমাজের নানা নেতিবাচক দিক। বাল্যবিবাহ, জেন্ডার বৈষম্য, মানব পাচার এবং বর্তমান সময়ের বড় আতঙ্ক ‘সাইবার ক্রাইম’ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। কেবল আলোচনা নয়, ছাত্রছাত্রীদের মাঝে জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতে বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠান ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত হয় এই সভায়।
“শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সচেতন করার বিকল্প নেই। এই ছোট ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তনের সূচনা করবে।” আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ‘নাগরিকতা’ প্রকল্পের অধীনে এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে স্বদেশ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের থিয়েটার অ্যাক্টিভিস্ট মো. আসাদুজ্জামান আমান। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলাম। শিক্ষার্থীদের এই সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে একটি সচেতন ও অধিকারসচেতন সমাজ গড়তে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। প্রেসবিজ্ঞপ্তি












