বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা শহরতলীর শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ জন ছাত্রীর বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। ২০২৬ শিক্ষা বর্ষের ১০ম, ৯ম ও ৮ম শ্রেণীর এসব ছাত্রীর বাল্য বিবাহ সংত্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তাদের অভিভাবকদের আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরায় তলব করা হয়েছে।

 

মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা স্বাক্ষরিত নেটিশে ১৬ জন বাল্যবধুর অভিভাবকদের বলা হয়েছে, আপনাদের অপ্রাপ্ত বয়স্ক কন্যাদের বাল্যবিবাহ দিয়েছেন। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী, এটি একটি গুরুতর অপরাধ। বাল্যবিয়ের অভিযোগের প্রেক্ষিতে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার সকাল ১০টার সময় স্বাক্ষীসহ বিবাহ সংগঠিত ছেলে-মেয়েদের জন্মসনদ, আপনার ও আপনার স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি, বিয়ের কাগজপত্র এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর, সাতক্ষীরার নির্দেশে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপস্থিত হয়ে পৃথক পৃথক বক্তব্য পেশ করার জন্য বলা হলো।

 

অভিযোগকারী হিসেবে জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলার নাম নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশপ্রাপ্ত অভিভাবকরা হলেন, পারশালো গ্রামের মো: জাহাঙ্গীর হোসেন, মাছখোলা ইসমাইল হোসেন, হারুন অর রশিদ, শাল্যে গ্রামের আব্দুল গফুর গাজী, মাছখোলা গ্রামের মো: শাহাজান, শালো গ্রামের আব্দুল্লাহ, মাছখোলা গ্রামের শাহাজান মোল্লা, শালো গ্রামের বকুল হোসেন, হাবিবুল্লাহ, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, মাখফুর রহমান, কামরুল ইসলাম, আলমগীর হোসেন, পারশালো গ্রামের আশরাফুল ইসলাম ও শাল্যে গ্রামের ইবাদুল ইসলাম।

অভিভাবকসহ বাল্যবিবাহ সংগঠিত ছেলে ও মেয়েদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিতি নিশ্চিত করার জন্য ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপারকে অনুরোধ জানানো হয়েছে।

Ads small one

কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

কয়রা (খুলনা) প্রতিনিধি: শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা জেলার কয়রায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কয়রা থানা উত্তর শাখার উদ্যোগে স্থানীয় ডি.এফ. নকশা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. অয়েসকুরুনী। তিনি তাঁর বক্তব্যে শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, “শহীদের রক্ত কখনো বৃথা যায় না। মানুষের সেবার মাধ্যমেই আমরা তাঁদের আদর্শকে বাঁচিয়ে রাখতে চাই।”

কয়রা থানা উত্তর শাখার সভাপতি মাজহারুল হান্নান হেলানের সভাপতিত্বে আয়োজিত এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল।

এছাড়া স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্ত পরীক্ষা করে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। ছাত্রশিবিরের এমন জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেছেন সাধারণ ও স্থানীয় সুশীল সমাজের মানুষ।

 

শারদীয় দূর্গাপূজায় মন্দিরে নজরদারি বাড়াতে গ্রামপুলিশকে দায়িত্বশীল হওয়ার নির্দেশনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
শারদীয় দূর্গাপূজায় মন্দিরে নজরদারি বাড়াতে গ্রামপুলিশকে দায়িত্বশীল হওয়ার নির্দেশনা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নজরদারি বাড়াতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করতে গ্রামপুলিশকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার কেশবপুর থানায় গ্রাম পুলিশদের হাজিরা অনুষ্ঠানে কেশবপুর থানা পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলার ১০৬ জন গ্রাম পুলিশকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ নিজ এলাকার মন্দিরগুলোর নিয়মিত খোঁজখবর রাখতে বলা হয়। পূজামন্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা কোনো ধরনের সন্দেহজনক কর্মকান্ড নজরে এলে বা দূর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

 

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সংবাদদাতা: সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠান হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের চালতেতলা ক্যাথলিক চার্চ মিশনের মিলনায়তনে এই সমাবেশ অনুষ্টিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ও সুশীলনের যৌথ আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন এডিপি ম্যানেজার মিল্টন সিং। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল অফিস, ঢাকা থেকে প্রোগ্রামে জয়েন করে ড্যারেন এন্ড্রো কস্তা, স্পন্সারশীপ ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চালতেতলা ক্যাথলিক মিশনের ফাদার আশীষ রোজারিও সিএসসি।

বিশেষ অতিথি ছিলেন সুশীলনের উপ-পরিচালক (প্রোগ্রাম) জিএম মনিরুজ্জামান, দেবহাটা এডিপির সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ অফিসার পল্টন বিশ্বাস, সিস্টেম অফিসার সিনথিয়া কস্তা, ফাইন্যান্স অফিসার ডরিন মন্ডল।
অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।

সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলা থেকে আগত সমাবেশে সফল সাবেক নিবন্ধিত শিশু ও যুবরা বিগত দিনে তাদের অর্জন সফলতা অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার গল্প উপস্থাপন করেন। একই সাথে শিশু ও যুবকেরা তাদের অভিজ্ঞতা দক্ষতা ও অর্জিত জ্ঞান আগামীতে কিভাবে কাজে লাগাবেন তার ভবিষ্যৎ পরিকল্পনা করেন।

উল্লেখ্য: সাবেক স্পন্সর শিশু ও যুবরা বর্তমানে উদ্যোক্তা বিভিন্ন কাজে সম্পৃক্ত আছেন।
সমাবেশে ৩০ জন ছেলেমেয়ে ও সিবিওর সদস্যরা অংশগ্রহণ করেন। ভবিষ্যতে কিভাবে আরো এই ফরমাল আরসি শিশুদের কিভাবে একত্রিত যায় ও শিশু কল্যাণে কাজে লাগানো উপর প্লানিং করা হয়।