জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে অনলাইন ওয়েবিনার
নিজস্ব প্রতিনিধি: ‘ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন’Ñএই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনলাইন জুমে ‘স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ তামাকবিরোধী জোট, গণচেতনা ফাউন্ডেশন, যুগের যাত্রী, সুন্দরবন ফাউন্ডেশন, মৃত্তিকা, মিড়া, প্রভা, ডব্লিউবিবি ট্রাস্ট ও মৌমাছি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। যুগের যাত্রীর নির্বাহী পরিচালক মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার। ওয়েবিনার সঞ্চালনা করেন মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।
আলোচনায় অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মিত্র, সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবর রহমান এবং সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট তামাক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. জিয়াউর রহমান। এ ছাড়া বক্তব্য দেন মৃত্তিকার নির্বাহী পরিচালক আব্দুস সালাম, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা, থ্রি স্টার প্রতিষ্ঠানের পরিচালক ইলিয়াস হোসেন, সোনিয়া খাতুন, আরিফুল ইসলাম ও মরিয়ম খাতুন।
সভায় বক্তারা বলেন, শিশু-কিশোর ও তরুণদের নিকোটিন আসক্তি থেকে রক্ষা করতে ই-সিগারেট ও ভ্যাপ বন্ধের বিকল্প নেই। কেবল আইন প্রণয়ন করলেই চলবে না, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। তরুণ সমাজকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।












