পদায়নের দুই দিন পরই আদেশ বাতিল, এসিল্যান্ড শূন্যই থাকলো তালার ভূমি অফিস
এম এম জামান মনি, পাটকেলঘাটা: সাতক্ষীরার তালা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) পদে একের পর এক পদায়ন হলেও যোগদান করছেন না কেউ। গত ২৭ সেপ্টেম্বর আব্দুল আহাদকে পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি। এরপর গত ৮ নভেম্বর নাজমুস সাকিবকে তালায় পদায়ন করা হয়। কিন্তু দুই দিন পর ১০ নভেম্বর তাঁর পদায়নের আদেশ বাতিল করে খুলনার দিঘলিয়া উপজেলায় পদায়ন করা হয়েছে। ফলে গত জুলাই থেকে শূন্য থাকা গুরুত্বপূর্ণ পদটিতে এখনো কোনো কর্মকর্তা যোগদান করেননি।
দীর্ঘদিন এসিল্যান্ড না থাকায় নামজারি, জমাভাগ, জমির সীমানা নির্ধারণ ও ভূমিসংক্রান্ত শুনানির মতো জরুরি কাজে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কেউ পৈতৃক সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে গিয়ে, আবার কেউ জমি কেনার পর নামজারি করতে গিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। প্রয়োজনীয় সেবা পেতে বারবার ভূমি অফিসে আসতে হচ্ছে তাঁদের।
এসিল্যান্ডের অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে উপজেলা প্রশাসনের নিয়মিত কাজের পাশাপাশি ভূমি প্রশাসনের দায়িত্বও সামলাতে হচ্ছে তাঁকে। ফলে ভূমিসেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নামজারি ও জমাভাগের আবেদন নিষ্পত্তি, শুনানি গ্রহণ, ভূমি উন্নয়ন কর আদায় তদারকি, সরকারি খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং ভূমিসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে এসিল্যান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ পদ শূন্য থাকায় এসব কার্যক্রমেও বাড়তি চাপ তৈরি হচ্ছে।
তালা সদরের বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, তালার মতো বড় উপজেলায় সরকারি খাসজমি, জলাশয় ও কৃষিজমির দখল নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব বিষয়ে নিয়মিত তদারকি ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকলে মাঠপর্যায়ে নজরদারি ও অভিযোগ যাচাইয়ে সমস্যা হতে পারে।
পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের শেখ আব্দুল খালেক বলেন, ভূমিসংক্রান্ত মামলার শুনানি, আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এসিল্যান্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘদিন পদটি শূন্য থাকায় ভূমি প্রশাসনের কার্যক্রমে প্রভাব পড়ছে।
সেবাগ্রহীতা মনিরুল ইসলাম জানান, জমির নামজারি ও প্রয়োজনীয় কাগজপত্রের কাজ নিয়ে তাঁকে ভূমি অফিসে আসতে হচ্ছে। কিন্তু কর্মকর্তা না থাকায় কাজের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। প্রত্যন্ত এলাকা থেকে যাতায়াত খরচ ও সময় ব্যয় করে এসেও একদিনে কাজ শেষ না হলে আবার আসতে হচ্ছে। দ্রুত নতুন এসিল্যান্ড পদায়নের দাবি জানান তিনি।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাহাত খাঁন ২০২৫ সালের ১১ আগস্ট তালায় যোগদান করেন। এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ৩০ জুলাই তাঁকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়।
নতুন এসিল্যান্ড পদায়নের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ২৭ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আব্দুল আহাদকে তালায় পদায়ন করা হয়। কিন্তু তিনি এখনো যোগদান করেননি। পরে ৮ নভেম্বর নাজমুস সাকিবকে পদায়ন করা হলেও তিনিও যোগদান করছেন না বলে জানতে পেরেছেন। ১০ নভেম্বর তাঁর পদায়নের আদেশ পরিবর্তন করে দিঘলিয়ায় পাঠানো হয়েছে।
ইউএনও আরও জানান, উপজেলা প্রশাসনের সার্বিক দায়িত্বের পাশাপাশি তাঁকে ভূমি প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। তবে সেবার ধারাবাহিকতা বজায় রেখে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সেবা দিতে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে।
গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক পদ দীর্ঘদিন শূন্য থাকায় তালার ভূমি অফিসের কার্যক্রম ও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কেন পরপর পদায়ন করা কর্মকর্তারা যোগদান করছেন না এবং কবে এ পদে স্থায়ী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, তা জানতে চান ভুক্তভোগীরা।












